২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিথ্রো বিমানবন্দর থেকে ফিরে গেলেন শোয়েব

ইংলিশ কাউন্টি সারের হয়ে খেলে ছন্দে ফেরাই তার লক্ষ্য। তবে শোয়েব আখতারের সেই লক্ষ্য হোঁচট খেলো শুরুতেই। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর তাকে ইংল্যান্ডে প্রবেশের অনুমতি দেয়নি। তাই ব্যর্থ মনোরথে পাকিস্তানে ফিরে যেতে হয়েছে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

করাচি, ৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ কাউন্টি সারের হয়ে খেলে ছন্দে ফেরাই তার লক্ষ্য। তবে শোয়েব আখতারের সেই লক্ষ্য হোঁচট খেলো শুরুতেই। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর তাকে ইংল্যান্ডে প্রবেশের অনুমতি দেয়নি। তাই ব্যর্থ মনোরথে পাকিস্তানে ফিরে যেতে হয়েছে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে। এমনিতে ইংল্যান্ডে 'ওয়ার্ক পারমিট' বা কাজের অনুমতিপত্র শোয়েবের আছে। কিন্তু খেলতে হলে আরো কিছু কাগজপত্রও থাকা দরকার এক জন খেলোয়াড়ের। সেগুলো ছিল না বলেই বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ইংল্যান্ডে ঢুকতে দেয়নি। শোয়েব অবশ্য সব সমস্যা মিটিয়ে শুক্রবারই আবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার ব্যাপারে আশাবাদী। বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় সেই আশাবাদের কথাই শোনালেন পাকিস্তানের বিতর্কিত ফাস্ট বোলার, "আমার ওয়ার্ক পারমিট আছে। তবে একই সঙ্গে ওয়ার্ক ভিসাও থাকা দরকার। যেহেতু আমার মাল্টিপল ভিজিট ভিসা আছে তাই আমি আবার ফিরে আসবোই। এর মধ্যে সব কাগজপত্র ঠিকঠাক হয়ে যাবে। আশা করি শুক্রবারই আমি রওনা দিতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩১ঘ.