২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলকে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পরামর্শ দিলেন সিডন্স

একেই টানা হারে এখন ভীষণ দুর্দশায় বাংলাদেশ শিবির। তারওপর জেমি সিডন্সের মন্তব্যে গৃহদাহের আশঙ্কাকেও উঁড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরাসরি না বললেও প্রকারান্তরে মোহাম্মদ আশরাফুলকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শই দিয়েছেন বাংলাদেশ দলের কোচ। আর কোনো সিরিজ চলাকালীন এধরনের মন্তব্যকে কোনো দেশেই ভালো চোখে দেখা হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একেই টানা হারে এখন ভীষণ দুর্দশায় বাংলাদেশ শিবির। তারওপর জেমি সিডন্সের মন্তব্যে গৃহদাহের আশঙ্কাকেও উঁড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরাসরি না বললেও প্রকারান্তরে মোহাম্মদ আশরাফুলকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শই দিয়েছেন বাংলাদেশ দলের কোচ। আর কোনো সিরিজ চলাকালীন এধরনের মন্তব্যকে কোনো দেশেই ভালো চোখে দেখা হয় না। তাছাড়া কোচেরও তো 'কোড অফ কন্ডাক্ট'য়ের বিধিনিষেধ আছে। তাই আশরাফুলকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে সিডন্স খুব সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শাসানির মুখেও পড়তে যাচ্ছেন। বৃহষ্পতিবার সকালে ডারউইনের মারারা ওভালে প্র্যাকটিসের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই এই অস্ট্রেলিয়ান কোচ আশরাফুলের নেতৃত্বের ওপর একরকম অনাস্থাই প্রকাশ করেছেন। এদিন বেশ কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে তার ওই মন্তব্য প্রচারতিও হয়েছে। নেতৃত্ব আশরাফুলের জন্য বোঝা হয়ে যাচ্ছে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, "নেতৃত্ব বোঝা হয়ে যাচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তর আশরাফুলই সবচেযে ভালো দিতে পারবে। তবে আমার মনে হয়, নেতৃত্বের চাপ ও দলের টানা হার ওর পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাবই ফেলছে। এ অবস্থায় চাইলে সে সাময়িকভাবে নেতৃত্বের ভার ছেঁড়ে দিতে পারে। সেটা করলে ও চাপমুক্ত হয়ে ব্যাটিংয়ের হারানো ছন্দ ফিরে পেতে পারে।" আশরাফুল সরে দাঁড়ালে অধিনায়ক হিসেবে বিকল্পের কথাও ভেবে রেখেছেন তিনি, "আশরাফুল সরে দাঁড়াবে কিনা বলতে পারবো না। তবে ও অধিনায়কত্ব ছেড়ে দিলে ভালো বিকল্প হতে পারে মাশরাফি ও সাকিব। ওদের দু'জনের মধ্যেই আছে ভালো নেতৃত্বগুণ।" কিন্তু অধিনায়ক তো ঠিক করে ক্রিকেট বোর্ড। হয়তো এক্ষেত্রে কোচের মতামতও নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডেরই। তাই সিডন্সের আগ বাড়িয়ে অধিনায়ক পছন্দ করে ফেলার বিষয়টাকে ভালোভাবে নিতে পারছে না বিসিবি। তাছাড়া সিরিজ চলাকালীন প্রকাশ্যে তার ওরকম মন্তব্য দলের জন্য ক্ষতিকর বলেও মনে করা হচ্ছে। এবিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুকে টেলিফোনে পাওয়া যায়নি। তবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের কথাতেই বিসিবির অসন্তোষটা টের পাওয়া যাচ্ছে, "কোচের ওরকম মন্তব্য আমরাও শুনেছি। অধিনায়কত্ব নিয়ে তার মতামত তো থাকতেই পারে। এবং সেই মতামতটা তিনি ট্যুর রিপোর্টের মাধ্যমে দিতে পারতেন। কিন্তু সেটা তিনি দিলেন প্রকাশ্যে। একটা সিরিজ চলাকালীন প্রকাশ্যে এসব বলা তার একদমই ঠিক হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.