২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেন সিডন্স

"আমার বিশ্বাস এমন ঘটনা আর ঘটবে না"- দ্বিতীয় ওয়ানডের আগে প্রতিশ্র"তির মতোই শুনিয়েছিল মোহাম্মদ আশরাফুলের কথাগুলো। কিন্তু প্রতিশ্র"তি রাখতে পারলেন কই! প্রথম ম্যাচে ৭৪ রানের লজ্জার পর এবার ১১৭! আবারো হতাশার সাগরে ভাসানোর পর সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজনই সবচেয়ে বেশি বোধ করলেন জেমি সিডন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "আমার বিশ্বাস এমন ঘটনা আর ঘটবে না"- দ্বিতীয় ওয়ানডের আগে প্রতিশ্র"তির মতোই শুনিয়েছিল মোহাম্মদ আশরাফুলের কথাগুলো। কিন্তু প্রতিশ্র"তি রাখতে পারলেন কই! প্রথম ম্যাচে ৭৪ রানের লজ্জার পর এবার ১১৭! আবারো হতাশার সাগরে ভাসানোর পর সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজনই সবচেয়ে বেশি বোধ করলেন জেমি সিডন্স। এই অস্ট্রেলিয়ান কোচ জানেন ক্রিকেট নিয়ে এখানকার মানুষের আকাঙ্খার মাত্রা। এর ধারেকাছেও পৌছাতে না পারার দুঃখেই তিনি বললেন, "সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমাদের ভক্ত এবং দেশে থেকে যারা সমর্থন জুগিয়ে যাচ্ছেন, তাদের সবার কাছে আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি এরচেয়ে অনেক ভালো কিছু করার সামর্থ্য এই দলটার আছে। দেখবেন দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা অনেক ভালো করবো। এমনকি সেটা এখানে শেষ ওয়ানডেতেও হতে পারে।" "আমরা এরচেয়ে অনেক ভালো দল"- প্রতিবার খারাপ পারফরম্যান্সের পর এই স্লোগানটা সবচেয়ে বেশি উচ্চকিত মোহাম্মদ আশরাফুলের কন্ঠেই। এবারো তার ব্যতিক্রম হল না। যদিও টস জিতে বুধবার ব্যাটিং নেওয়ার পর দলকে চরম বিপর্যয়ে ঠেলে দেওয়ার ক্ষেত্রে অধিনায়কের অবদানও কম নয়। ম্যাচের প্রথম বলেই তামিম ইকবাল আউট হয়ে যাওয়ার পর মেহরাব হোসেন জুনিয়র মাইকেল হাসিকে করিয়ে এসেছেন ক্যাচিং প্র্যাকটিস। এরপর অধিনায়ক সেই স্লিপেই সহজ ক্যাচ দিয়ে আসায় ষষ্ঠ ওভারেই ১৫ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত হয় বাংলাদেশ। শুরুর এমন দুর্দশার জন্য নিজেদের দায়ই দেখছেন আশরাফুল। স্টুয়ার্ট ক্লার্কের যে ডেলিভারিতে আউট হয়েছেন সেই প্রসঙ্গ টেনে বলেছেন, "ওটা ছিল হাফভলি এবং চার মারার বল। তবে বলটা বেশ সুইংও করেছিল। আসলে এই উইকেটে শুরুর দিকে বল একটু বেশিই সুইং করে। বিশেষ করে প্রথম ৬/৭ ওভারে। সেটা আপনি আগেই ব্যাট করেন কিংবা পরে। ব্যাটসম্যান হিসেবে আমাদের দায়িত্ব ওই সময়টা দেখেশুনে পার করে দেওয়া। কিন্তু আবারো আমরা সেটা করতে ব্যর্থ হলাম।" তাই বলে তার দলের সফল হওয়ার সামর্থ্যে আস্থা হারাননি আশরাফুল, "এটা ভীষণ হতাশার যে আমরা যা অনুশীলন ও পরিকল্পনা করছি তার কিছুই কাজে লাগাতে পারছি না। অথচ সবাই জানে, আমরা এরচেয়েও অনেক ভালো দল। অনেক ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। কিন্তু এই মুহূর্তে সেটা ঘটছে না।" বলেছিলেন দ্বিতীয় ম্যাচে যে করেই হোক ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে। কিন্তু ধীমান ঘোষ ৩০ রানের একটা ইনিংস খেলে না দিলে এই ম্যাচেও একশো হয় কিনা সন্দেহ। প্রথম ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা এবং সেই সুবাদে আত্মবিশ্বাসে চিড় ধরাকেই আবারো ব্যাটিং ব্যর্থতার কারণ বলে মনে হচ্ছে আশরাফুলের, "দুইশোর ওপর রান করতে পারলে কিংবা অস্ট্রেলিয়াকে ধাক্কা দিতে পারলে বলতে পারতাম যে আমরা উন্নতি করছি। প্র্যাকটিস ম্যাচগুলো আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে বেশ আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। যেখানে আমরা দুবার তিনশোর ওপর রান করেছি এবং দুবার করেছি ২৭০ এর বেশি। কিন্তু প্রথম ওয়ানডের পর আমার ধারণা, আত্মবিশ্বাসে বেশ বড় এক চোটই লেগেছে।" এই হতাশাজনক পারফরম্যান্সের মাঝে আশরাফুলের কাছে ইতিবাচক মনে হচ্ছে কেবল মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের বোলিং। সাকিব তার ৫০-তম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ওপেনার শেন ওয়াটসন এবং অধিনায়ক মাইকেল ক্লার্কের উইকেট দুটো তুলে নিয়েছেন। এরমধ্যে ক্লার্কের উইকেটটা ওয়ানডেতে তার ৫০-তম শিকার। প্রথম ওয়ানডের পর এদিনও হিসেবী বোলিং করেছেন মাশরাফি। ৯ ওভারে দিয়েছেন ৩০ রান। এরমধ্যে ম্যান অফ দি ম্যাচ শন মার্শের উইকেটটাও পেয়ে যেতেন যদি স্লিপে অলক কাপালি তার ক্যাচটা না ফেলতেন। মাশরাফি-সাকিবের প্রশংসা করে আশরাফুল বললেন, "ওরা দু'জন আবারো ভালো করলো। কিন্তু বোলারদের আর কীইবা করার আছে। আমরা তো আর তাদের পর্যাপ্ত রান দিতে পারিনি।" তথ্যসূত্র : টাইগারক্রিকেট ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮১০ঘ.