২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবিকে এআইইউবি'র উপহার

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। তার উত্তরসূরী মোহাম্মদ আশরাফুলও যদি এখান থেকেই উচ্চশিক্ষা নিতে চান? এ প্রশ্নে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর ভাইস প্রেসিডেন্ট হাসানুল এ. হাসান জানালেন, তারকা ক্রিকেটারদের জন্য তাদের দরজা সবসময়ই খোলা থাকবে। তবে এদের বাইরেও তারা প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনোনীত ছয় জন ক্রিকেটারকে বিনা খরচে এখান থেকে উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, ৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। তার উত্তরসূরী মোহাম্মদ আশরাফুলও যদি এখান থেকেই উচ্চশিক্ষা নিতে চান? এ প্রশ্নে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর ভাইস প্রেসিডেন্ট হাসানুল এ. হাসান জানালেন, তারকা ক্রিকেটারদের জন্য তাদের দরজা সবসময়ই খোলা থাকবে। তবে এদের বাইরেও তারা প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনোনীত ছয় জন ক্রিকেটারকে বিনা খরচে এখান থেকে উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ দেবেন। অবশ্য শুধু এটাই নয়, তিন বছরের জন্য বিসিবির 'এডুকেশন পার্টনার' হওয়ার সুবাদে দেশের শীর্ষস্থানীয় এই বেসরকারী বিশ্ববিদ্যালয়টি শিক্ষাগত আরো অনেক সুযোগ সুবিধাই দেবে ক্রিকেটারদের। এই যেমন ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য স্বল্পমেয়াদী ইংরেজী শেখার কোর্স, কম্পিউটারের মৌলিক কোর্স এবং লিডারশিপ প্রোগ্রামসহ আরো অনেক কিছু। এমন নয় যে এখানে শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই প্রাধান্য পাবেন। এই কার্যক্রমে জিপি-বিসিবি একাডেমী, পেস ফাউন্ডেশন, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭ এবং মহিলা দলের ক্রিকেটাররাও থাকছেন। প্রতিটি ক্যাটাগরি থেকে বছরে ৩০ জন করে ক্রিকেটারকে সুবিধামতো সময়ে এআইইউবি'র দক্ষতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় আনা হবে। ক্রিকেটারদের পাশাপাশি এসব দলের কোচিং স্টাফ, কো-অর্ডিনেটর এবং বিসিবির বিভিন্ন বিভাগের কর্মীরাও পাচ্ছেন সুযোগ। রোববার বিকেলে বনানীতে এআইইউবি'র অডিটোরিয়ামে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরপর বিসিবি'র গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান শাকিল কাশেম জানালেন এআইইউবি কী পাচ্ছে, "প্রতিটা সংবাদ সম্মেলনের ব্যাকড্রপে 'এডুকেশন পার্টনার' হিসেবে এআইইউবি'র নাম যাবে। দেশের মাটিতে প্রতিটা আন্তর্জাতিক সিরিজের সময় তারা মাঠে দুটো পেরিমিটার বোর্ড পাবে। ঘরোয়া ক্রিকেটের সময়ও মাঠে তাদের বোর্ড থাকবে।" হাসানুল অবশ্য এ সবের চেয়েও বড় করে দেখছেন তারকা ক্রিকেটারদের উপস্থিতিকে, "ক্রিকেটাররা অন্য শিক্ষার্থীদের জন্য হবেন অনুপ্রেরণা। ধরুন একজন তারকা ক্রিকেটার এখানে পড়ছেন। যখন তিনি দেশের প্রতিনিধিত্ব করবেন, তখন অন্য একজন সাধারণ শিক্ষার্থী তাকে দেখিয়ে বলতে পারবেন, 'ও আমাদের বিশ্ববিদ্যালয়ের'। আমাদের বিসিবির সঙ্গে জড়ানোর উদ্দেশ্য আসলে এটাই।" সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী, এআইইউবি'র ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনাসহ দুই প্রতিষ্ঠানের আরো অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৪০ঘ.