২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচ স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে

তিন ম্যাচের সিরিজের জন্য পাঁচটা প্রস্তুতি ম্যাচ। এমন ঘটনা বোধহয় কখনো ঘটেনি; তা ঘটুক আর না ঘটুক যারা এটা ঘটিয়েছে তারা তো এর সুফল আশা করবেই। বাংলাদেশ যেমন করছে। ডারউউনে শনিবার সিরিজের প্রথম ম্যাচ খেলার আগে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল যে আশার কথা শোনালেন তার মূল ভিত্তিই হলো এই প্রস্তুতি ম্যাচজনিত বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, ২৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তিন ম্যাচের সিরিজের জন্য পাঁচটা প্রস্তুতি ম্যাচ। এমন ঘটনা বোধহয় কখনো ঘটেনি; তা ঘটুক আর না ঘটুক যারা এটা ঘটিয়েছে তারা তো এর সুফল আশা করবেই। বাংলাদেশ যেমন করছে। ডারউউনে শনিবার সিরিজের প্রথম ম্যাচ খেলার আগে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল যে আশার কথা শোনালেন তার মূল ভিত্তিই হলো এই প্রস্তুতি ম্যাচজনিত বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ''সাধারণত একটা দল যেসময় এখানে আসে তার অনেক আগেই আমরা এখানে এসেছি। এবং ৫টি ভাল প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফলটা খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার মনে হয় আমরা যে উদ্দেশ্যে ম্যাচগুলো খেলেছি সেটা পূরণ করেছি''--- শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আশরাফুলের ব্যাখ্যাটা এরকম। আরও গভীরে গিয়ে তিনি এ-ও জানিয়েছেন যে তিনি আসলে প্রস্তুতি ম্যাচগুলোর কোন কোন বিষয় নিয়ে বিশেষভাবে সন্তুষ্ট, ''আমরা যেভাবে ব্যাট করেছি সেটা অবশ্যই সন্তোষজনক। আমরা তিনশোর বেশি রান করেছি দুইবার, এছাড়া ২৮৮, ২৭০ এবং ২২৯ রান করেছি। বোলাররাও ধীরে ধীরে তাদের ছন্দে ফিরছে।'' বিদেশে গিয়ে ব্যাটিং নিয়েই চিন্তা করতে হয় বাংলাদেশকে। সেই তুলনায় এই রান আশাব্যঞ্জক এবং এর সঙ্গে অস্ট্রেলিয়ার এখানে এসে খেলা প্রস্তুতি ম্যাচটি দেখে আশার পালে আরও হাওয়া লাগছে। ঐ ম্যাচটিতে অস্ট্রেলিয়া করেছে মাত্র ১৭৭, যদিও তারপরও তারা জিতেছে ৫৪ রানে। ঐ খেলাটা হয়েছে ম্যাচ ভেন্যু টিআইও মাঠের ড্রপ ইন পিচে, আর সেটা দেখে বাংলাদেশ জেনে গেছে এখানে রান করাটা কঠিন হবে। আশরাফুল যেমন বলছেন, ''আমরা এখানে খেলিনি, কিন্তু অস্ট্রেলিয়ার খেলা দেখে বুঝেছি এখানকার ড্রপ ইন পিচে রান করাটা কঠিন হবে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের লড়াই করতে হয়েছে এবং আমি আশা করি তাদের আগামীকালও (শনিবার) যেন সমস্যা হয়। আমার মনে হয় ২২০-২৪০ রান এখানে ফাইটিং স্কোর।'' উইকেটে অসমান বাউন্স থাকতে পারে, আর তাই পেস বোলিং দিয়েই অস্ট্রেলিয়াকে বিপদে ফেলার স্বপ্ন বাংলাদেশের। তাই বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার- মাশরাফি, শাহাদাত এবং নাজমুল। শেষ প্রস্তুতি ম্যাচে ১৩২ রান করা মেহরাব তামিম ইকবালের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার যে কোনো মুখোমুখি মানেই ২০০৫ সালের কার্ডিফের স্মৃতির উঁকি, এখানেও তাই হয়েছে। আশরাফুলের কাছে তাই প্রশ্ন এসেছিল ঐ কীর্তির পুনরাবৃত্তির আশা তিনি করেন কিনা, ''ঐ পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। কিন্তু আবার তেমন কিছু করতে হলে আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিনটিই ভালো করতে হবে। ওদের সেরা কয়েকজন খেলোয়াড় খেলছে না, কিন্তু আমরা ওসব নিয়ে না ভেবে ভাবছি আমাদের খেলা নিয়ে, ভাবছি কীভাবে আমাদের পরিকল্পনাটার সার্থক বাস্তবায়ন করা যায়।'' বাংলাদেশ যখন কার্ডিফ জয় করে তখন কোচ জেমি সিডন্স ছিলেন অস্ট্রেলিয়া দলের সঙ্গে এবং হারটা তার মনে আছে ভালোই, ''আমার মনে আছে সেখানে শুরু থেকে উইকেটে কিছু বাড়তি সুবিধা ছিল। যদি আমরা এখানে এরকম উইকেট পাই তাহলে আগে বোলিং করাই হবে আমাদের জন্য সুবিধাজনক। এবং যদি তা করে একটা লড়াই করার স্কোর গড়ে তোলা যায় তাহলে ম্যাচ জেতার সুযোগ তৈরি হবে।'' সম্ভাবনার আলো তিনি দেখতে পাচ্ছেন আরেক দিক থেকেও.''ওরা অনেক দিন থেকে খেলার মধ্যে নেই, কিন্তু আমরা নিয়মিতই খেলছি। আমি আগেও খেয়াল করেছি অস্ট্রেলিয়ার এরকম বিরতির পর মানিয়ে নিতে একটা-দুটো ম্যাচ লাগে।'' সেই একটা-দুটো ম্যাচের একটা কি হয়ে যাবে শনিবারের ডারউইন? আবার কি কার্ডিফের কীর্তির পুনরাবৃত্তি? অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য সেরকম কিছু হতে না দিতে দৃঢ়প্রতিজ্ঞ, ''আমি আপনাদের নিশ্চিত করতে পারি এবার সেরকম কিছু হবে না। ওখানে যেটা হয়েছিল তা হলো আমরা এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগে ম্যাচটাকে হালকাভাবে নিয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি বিষয়টাকে বাংলাদেশের কাছে হার হিসেবে দেখি না, আমি দেখি আমরা একটা দলের বিপক্ষে জয় নিশ্চিত ধরে নিয়েছিলাম। সেদিন থেকে একটা শিক্ষাও হয়েছে আমার, জেনেছি আন্তর্জাতিক ক্রিকেটে কোনোকিছুই নিশ্চিত বলে ধরে নেয়ার কোনো সুযোগ নেই আমাদের।'' বাংলাদেশের আশা নাকি ক্লার্কের শিক্ষা কোনটা শেষ পর্যন্ত সত্য হবে? জানতে বেশি অপেক্ষা করতে হবে না। শনিবার ভোর থেকেই শুরু হয়ে যাবে হিসাব মেলানোর পালা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মেহরাব হোসেন, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, সাকিব আল হাসান, অলক কাপালি, ধীমান ঘোষ, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন। ফরহাদ রেজা (দ্বাদশ ব্যক্তি)। টাইগারক্রিকেট ডটকমের সৌজন্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এসএইচ/২০৩০ঘ.