২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে জেতালেন 'অলরাউন্ডার' পিটারসেন

প্রথমে অপরাজিত ৯০ রানের অধিনায়কোচিত ইনিংস। তারপর অফব্রেক বোলিংয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট। শুক্রবার লিডসের হেডিংলিতে অধিনায়ক কেভিন পিটারসেনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০ রানের জয় এনে দিয়েছে ইংল্যান্ডকে। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ১-০তে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

লিডস, ইংল্যান্ড, ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমে অপরাজিত ৯০ রানের অধিনায়কোচিত ইনিংস। তারপর অফব্রেক বোলিংয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট। শুক্রবার লিডসের হেডিংলিতে অধিনায়ক কেভিন পিটারসেনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০ রানের জয় এনে দিয়েছে ইংল্যান্ডকে। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ১-০তে এগিয়ে। দিবারাত্রির ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ইংল্যান্ডকে ৭৭ রানের ভালো সূচনা এনে দেন দুই ওপেনার ইয়ান বেল ও ম্যাট প্রায়র। কিন্তু জ্যাক ক্যালিস ৭ রানের ব্যবধানে দু জনকেই ফিরিয়ে দিলে বেশ বিপদে পড়ে যায় ইংলিশরা। দলীয় ১১৩ রানে ওয়েইস শাহও ফিরে গেলে আরো বেড়ে যায় বিপদটা। কিন্তু পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফের দারুণ ব্যাটিং উল্টো চাপের মধ্যে ফেলে দিয়েছে প্রোটিয়াদের। দু জনে মিলে মাত্র ১২৮ বলে যোগ করেছেন ১৫৮ রান। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ চতুর্থ উইকেট জুটি। জন্মভূমির বিপক্ষে অষ্টম ম্যাচে পঞ্চম ফিফটি করা পিটারসেন মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি পাননি। তার মাত্র ৮২ বলে অপরাজিত ৯০ রানের ইনিংসটা গড়ে উঠেছে ৭ বাউন্ডারি ও এক ছক্কায়। ফ্লিনটফ অবশ্য অপরাজিত থাকতে পারেননি। ৭০ বলে ৭৮ রান করা 'ফ্রেডি'কে বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন ডেল স্টেইন। পিটারসেন-ফ্লিনটফের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই শেষ ১০ ওভারে ৯৪ রান তুলতে পেরেছে ইংল্যান্ড। সেই সঙ্গে পেয়েছে ৪ উইকেটে ২৭৫ রানের লড়াই করার মতো সংগ্রহ। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও মন্দ হয়নি। গ্রায়েম স্মিথ ও হার্শেল গিবসের উদ্বোধনী জুটির অবদান ছিল ৫০ রান। দলীয় ৯৩ রানে গিবস (৩৭) ফিরে গেলেও তেমন দুশ্চিন্তায় পড়তে হয়নি প্রোটিয়াদের। কারণ তখন উইকেটে ছিলেন ক্যালিস। এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যের দিকেই নিয়ে যাচ্ছিলেন এই সময়ের সেরা অলরাউন্ডার। তবে ডি ভিলিয়ার্স পিটারসেনের বলে মিডউইকেটে বেলকে ক্যাচ দেয়ার পর থেকে শুরু হয় দক্ষিণ আফ্রিকার পতনের। দু ওভার পর আবার পিটারসেন-বেল জুটির আঘাতে। যে আঘাতে রান আউট হওয়ার দুঃখ নিয়ে ফিরতে হয়েছে প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করা ক্যালিসকে। ৩৩তম ওভারে বাউচারকেও পিটারসেন ফিরিয়ে দিলে ৫ উইকেটে ১৬৮ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। এর পর আর পেরে ওঠেনি গ্রায়েম স্মিথের দল। লাফিয়ে, লাফিয়ে বেড়ে যাওয়া আস্কিং রেটের চাপে ৪৯.৪ ওভারে ২৫৫ রান করে অলআউট হয়েছে তারা। ব্যাটসম্যান-বোলার-ফিল্ডার-অধিনায়ক অর্থাৎ চার ভূমিকাতেই মাঠে আলো ছড়ানোর সুবাদে প্রত্যাশিতভাবে ম্যান অব দ্য ম্যাচ পিটারসেন। আগামী মঙ্গলবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটাও দিবারাত্রির। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড : ৫০ ওভারে ২৭৫/৪ (বেল ৩৫, প্রায়র ৪২, ওয়েইস ১২, পিটারসেন ৯০*, ফ্লিনটফ ৭৮, রাইট ২*, অতিরিক্ত ১৬; স্টেইন ১/৬৭, এনটিনি ০/৩৮, নেল ০/৫৩, ক্যালিস ২/২৫, বোথা ১/৩৩, ফিল্যান্ডার ০/৫০) দক্ষিণ আফ্রিকা : ৪৯.৪ ওভারে ২৫৫ (গিবস ৩৭, স্মিথ ২১, ক্যালিস ৫২, ডি ভিলিয়ার্স ২৪, দুমিনি ১৮, বাউচার ১৬, বোথা ২৬, ফিল্যান্ডার ২৩, নেল ১০, স্টেইন ৩*, এনটিনি ২, অতিরিক্ত ২৩; ব্রড ১/৬১, অ্যান্ডারসন ০/১৮, হার্মিসন ২/৪৩, ফ্লিনটফ ২/৪৬, প্যাটেল ১/৪২, বোপারা ০/১১, পিটারসেন ২/২২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৮ঘ.