লন্ডন, ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওভাল-কান্ডের 'খলনায়ক' ড্যারেল হেয়ারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ! আইসিসি'র এক জন মুখপাত্র জানিয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে পদত্যাগ করেছেন তিনি। সেই সঙ্গে 'দ্য অস্ট্রেলিয়ান' পত্রিকার দাবী নিউ সাউথ ওয়েলসের আম্পায়ার ও স্কোরারদের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের জন্যই সিদ্ধান্তটা নিয়েছেন হেয়ার।
অস্ট্রেলীয় আম্পায়ার হেয়ারকে ক্রিকেট বিশ্ব সবচেয়ে বেশি মনে রাখবে দু বছর আগে জন্ম দেয়া এক বিতর্কের জন্য। ২০০৬ সালে ইংল্যান্ড-পাকিস্তান ওভাল টেস্টে বল বিকৃতির অভিযোগে পাকিস্তানের পাঁচ রান জরিমানা করেন তিনি। সেই শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চতুর্থ দিন চা-বিরতির পর দল নিয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানান পাকিস্তানের তখনকার অধিনায়ক ইনজামাম-উল হক। এরপর ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করে ম্যাচের সমাপ্তি টেনে দেন হেয়ার। টেস্ট ক্রিকেটে সেটাই ছিল কোনো ম্যাচ 'ফোরফিট' হওয়ার এক মাত্র ঘটনা। গত মাসে অবশ্য সেই ম্যাচকে ড্র ঘোষণা করেছে আইসিসি।
ওভাল-বিতর্কের পর আইসিসি'র এক শুনানিতে পাকিস্তান বল বিকৃতির অভিযোগ থেকে মুক্তি পেলেও ইনজামাম শাস্তির হাত থেকে রেহাই পাননি। ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন 'মুলতানের সুলতান'। তবে পাকিস্তানও হেয়ারকে ছেড়ে কথা বলেনি। তার বিরুদ্ধে আইসিসি'র কাছে বর্ণবৈষম্যের অভিযোগ এনেছিল পিসিবি। যে কারণে ছয় মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেও থাকতে হয়েছে হেয়ারকে। এ বছরই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন হেয়ার। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দুটো টেস্ট পরিচালনাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোরই সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার এই বিতর্কিত আম্পায়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০৬ঘ.
bdnews24