ঢাকা, ১৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একটা ভালো হয় তো আরেকটা হয় না- এটা বাংলাদেশের অনেক পুরনো রোগ, যে রোগে অস্ট্রেলিয়া সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে আবারো আক্রান্ত তারা। ব্যাটসম্যানদের পারফরম্যান্স কোচ জেমি সিডন্সের প্রশংসা পাচ্ছে ঠিকই তবে বোলারদের নিয়ে স্পষ্টতই হতাশা তার কন্ঠে। এ কারণে বুধবার অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের (এআইএস) বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে বোলারদের প্রতি ভালো কিছু করার জোর দাবিই জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ।
প্রথম ম্যাচে ৩৩১ রানের টার্গেট তাড়া করে বাংলাদেশ হারে ১৪ রানে। হারলেও কোচের বাহবা পাচ্ছেন এ কারণে, "ব্যাটসম্যানরা যেভাবে খেলছে তাতে আমার ভালোই লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বড় স্কোর গড়ছি। বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো দলের বিপক্ষেই ৩১৬ রান করা কৃতিত্বপূর্ণ একটা ব্যাপার। তাছাড়া ওদের (এআইএস) বোলিং অ্যাটাকও বেশ ভালো।"
তবুও ওই ম্যাচটা জেতা সম্ভব ছিল বলে মনে হয় সিডন্সের। সেটা না হওয়ার দোষটা তিনি ভাগাভাগি করে দিয়েছেন বোলারদের মধ্যেই, "মাঝের ওভারগুলো পর্যন্ত ম্যাচ যেভাবে আমাদের নিয়ন্ত্রণে ছিল তাতে আমরা জিততেও পারতাম। বোলিংয়ের কারণেই তা আর হল না। গত কিছুদিনে আমাদের বোলাররাও প্রতিপক্ষকে বেঁধে রাখতে পারছে না। এটা না করা পর্যন্ত আসলে আপনি ম্যাচ জেতার পরিস্থিতি তৈরি করতে পারবেন না।"
মঙ্গলবার সকালে বাংলাদেশ দল দেড় ঘন্টার ঘাম ঝরানো অনুশীলন করেছে ওয়ানডে সিরিজের ভেন্যু মারারা ওভালে। তবে প্রথমটির মতো দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিও হবে গার্ডেন্স ওভালে। এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে এআইএসের বিপক্ষে বুধবার দলের মূল স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজা এবং মিডল অর্ডার ব্যাটসম্যান অলক কাপালির খেলার কথা। খেলার সুযোগ পেতে পারেন আরেক পেসার ডলার মাহমুদও। আর বাংলাদেশের প্রতিপক্ষ এআইএসের ১৪ জন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য দলের হয়ে খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ। বেশিরভাগেরই আছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলার অভিজ্ঞতা। এই দলের পাঁচজন নিউ সাউথ ওয়েলসের। তিনজন করে আছেন ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডের।
তথ্যসূত্র : টাইগারক্রিকেট ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.
bdnews24