২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই মুরালি-মেন্ডিসের কাছেই ভারতের হার

টেস্ট সিরিজে ভারতের সামনে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন অজন্তা মেন্ডিস ও মুত্তিয়া মুরালিধরন। ওয়ানডে সিরিজেও দু জনের ঘুর্ণি-জাদু অব্যাহত। সোমবার প্রথম ওয়ানডেতে মেন্ডিস-মুরালির দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি 'টিম ইন্ডিয়া'। দু জনেই তিনটি করে উইকেট নেয়ায় মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। জবাবে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের অপরাজিত ফিফটি ১৫.১ ওভার আগেই ৮ উইকেটের সহজ জয় এনে দিয়েছে শ্রীলঙ্কাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ডাম্বুলা, শ্রীলঙ্কা, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট সিরিজে ভারতের সামনে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন অজন্তা মেন্ডিস ও মুত্তিয়া মুরালিধরন। ওয়ানডে সিরিজেও দু জনের ঘুর্ণি-জাদু অব্যাহত। সোমবার প্রথম ওয়ানডেতে মেন্ডিস-মুরালির দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি 'টিম ইন্ডিয়া'। দু জনেই তিনটি করে উইকেট নেয়ায় মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। জবাবে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের অপরাজিত ফিফটি ১৫.১ ওভার আগেই ৮ উইকেটের সহজ জয় এনে দিয়েছে শ্রীলঙ্কাকে। রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম হাসিটা কিন্তু ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। কিন্তু তিনি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই ভারতের দুর্দশার সূচনা। চামিন্ডা ভাসের করা ইনিংসের দ্বিতীয় বলেই গৌতম গম্ভীর বোল্ড। অন্য দুই পেসারও হাত গুটিয়ে বসে থাকেননি। নুয়ান কুলাসেকারা ফিরিয়েছেন অভিষিক্ত বিরাট কোহলি (১২) ও সুরেশ রায়নাকে (১৭), আর রোহিত শর্মার (১৯) উইকেট থিলান তুশারার। পেসারদের দেখিয়ে দেয়া পথেই ধ্বংসযজ্ঞে মেতেছেন মেন্ডিস ও মুরালি। ৯ ওভারে ৪টি মেডেনসহ মাত্র ২১ রান খরচায় ধোনি (৬), যুবরাজ (২৩) ও মুনাফ প্যাটেলকে (১৫) 'বধ' করেছেন ম্যান অব দ্য ম্যাচ মেন্ডিস। আর ১০ ওভারে ৩৭ রান দেয়া মুরালি আউট করেছেন ইরফান পাঠান (৭), হরভজন সিং (১২) ও জহির খানকে (১২)। ৮৭ রানে সপ্তম উইকেট হারানো ভারত এক শ'র কমে গুটিয়ে যাওয়ার আশঙ্কায় পড়লেও টেল এন্ডাররা সেই লজ্জা থেকে বাঁচিয়েছেন তাদের। শেষ উইকেট জুটিতে মুনাফ ও প্রজ্ঞান ওঝার (১৬*) ২৯ রানের সুবাদে তারা পেয়েছে দেড় শ'র কাছাকাছি সংগ্রহ। ১৪৬ রানের মামুলি সংগ্রহ নিয়েও প্রতিদ্বন্দ্বিতা গড়ার আভাস দিয়েছিল ভারত। বিশেষ করে মুনাফ। সনাৎ জয়াসুরিয়াকে (১০) ইরফান পাঠানের ক্যাচ বানানোর পর কুমার সাঙ্গাকারার (১৯) রিটার্ন ক্যাচও নিয়েছেন তিনি। কিন্তু ঐ পর্যন্তই। ৪৫ রানে ২ উইকেট হারানো স্বাগতিকদের জয় নিয়ে সংশয়ে পড়তে দেননি জয়াবর্ধনে। চামারা কাপুগেদেরার সঙ্গে তৃতীয় উইকেটে অপরাজিত ১০২ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক। তার ব্যাট থেকে এসেছে হার না মানা ৬১ রান, কাপুগেদেরা অপরাজিত ছিলেন ৪৫ রানে। ডাম্বুলাতেই ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে বুধবার। সংক্ষিপ্ত স্কোর : ভারত : ৪৬ ওভারে ১৪৬ (গম্ভীর ০, কোহলি ১২, রায়না ১৭, যুবরাজ ২৩, রোহিত ১৯, ধোনি ৬, ইরফান ৭, হরভজন ১২, জহির ১২, ওঝা ১৬*, মুনাফ ১৫, অতিরিক্ত ৭; ভাস ১/৩৪, কুলাসেকেরা ২/২৩, তুশারা ১/১৮, মেন্ডিস ৩/২১, মুরালিধরন ৩/৩৭, জয়াসুরিয়া ০/৯) শ্রীলঙ্কা : ৩৪.৫ ওভারে ১৪৭/২ (জয়াসুরিয়া ১০, সাঙ্গাকারা ১৯, জয়াবর্ধনে ৬১*, কাপুগেদেরা ৪৫*, অতিরিক্ত ১২; মুনাফ ২/৩২, জহির ০/২৪, ইরফান ০/৩৫, হরভজন ০/১৮, ওঝা ০/৯, রোহিত ০/১১, রায়না ০/১১)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০৫