২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিফলে গেল তামিম-আশরাফুলের বিধ্বংসী ব্যাটিং

বেধড়ক ব্যাটিংয়ে আউট হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ কারণে নিজেকে খোলসে ভরে রাখবেন বলে পণ করেছিলেন বটে, তবে এই ম্যাচে অন্তত সেই পুরনো মোহাম্মদ আশরাফুলকেই পাওয়া গেল। অবশ্য ধুমধারাক্কা ব্যাটিংয়ের কোনো বিকল্পও ছিল না তার। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস (এআইএস) যে ৪ উইকেটে তুলে ফেলেছিল ৩৩০ রান। এই রান তাড়া করতে নেমে সবচেয়ে বিধ্বংসী ব্যাটিংটা অবশ্য আশরাফুল নন, করেছেন তামিম ইকবাল। কিন্তু দু'জনেরই মারমুখী ব্যাটিং বিফলে গেছে কারণ ৩১৬ রানে অলআউট হয়ে ডারউইনের গার্ডেন্স ওভালে সফরের প্রথম একদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৪ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বেধড়ক ব্যাটিংয়ে আউট হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ কারণে নিজেকে খোলসে ভরে রাখবেন বলে পণ করেছিলেন বটে, তবে এই ম্যাচে অন্তত সেই পুরনো মোহাম্মদ আশরাফুলকেই পাওয়া গেল। অবশ্য ধুমধারাক্কা ব্যাটিংয়ের কোনো বিকল্পও ছিল না তার। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস (এআইএস) যে ৪ উইকেটে তুলে ফেলেছিল ৩৩০ রান। এই রান তাড়া করতে নেমে সবচেয়ে বিধ্বংসী ব্যাটিংটা অবশ্য আশরাফুল নন, করেছেন তামিম ইকবাল। কিন্তু দু'জনেরই মারমুখী ব্যাটিং বিফলে গেছে কারণ ৩১৬ রানে অলআউট হয়ে ডারউইনের গার্ডেন্স ওভালে সফরের প্রথম একদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৪ রানে। বড় রান তাড়া করে জিততে শুরু থেকে যা করার দরকার ছিল, তামিম ইকবাল করছিলেন ঠিক তাই। প্রতিপক্ষের বোলারদের নাভিঃশ্বাস ওঠানো ব্যাটিং বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় নাজিমউদ্দিন ইনজুরিতে পড়ায় এদিন তামিমের সঙ্গে ইনিংস ওপেন করার সুযোগ পান মেহরাব হোসেন জুনিয়র। উদ্বোধনী জুটিতে ১১৫ রান এই জুটির সাফল্যেরই সূচক। তবে সেখানে মেহরাবের অবদান বিশের ঘরে! ততোক্ষণে মাত্র ৪৫ বলে ৮৫ রান করে সেঞ্চুরির অপেক্ষায় থাকা তামিম ১৬ বাউন্ডারির পাশাপাশি দুটো বিশাল ছক্কাও হাঁকিয়ে ফেলেছেন। কিন্তু ডানহাতি পেসার ময়েসেস হেনরিক্সের (৩/৩৮) বলে দুই রানের মধ্যে তামিম ও মেহরাবের (২৪) বিদায়ে বাংলাদেশের রানধারায় ছেদ পড়ার আশঙ্কা জেগেছিল। যেটা সত্যি হতে দেননি বাংলাদেশ অধিনায়ক নিজে। রকিবুল হাসানকে (৩৪) নিয়ে তৃতীয় উইকেটে ৯৫ রানের পার্টনারশিপ গড়ার পথে তুলেছেন মাত্র ৫৯ বলে ৭১ রানের ঝড়, যেটিতে নয়টি বাউন্ডারির সঙ্গে আছে একটি ছক্কার মারও। অধিনায়কের ব্যাটে চড়ে বাংলাদেশের রান যখন ৩ উইকেটে ২৩৮, তখনই ছন্দপতন। বাঁ হাতি স্পিনার জন হল্যান্ড (৪/৪৩) ১৫ রানের মধ্যেই বাংলাদেশকে ২৫৩/৭ বানিয়ে ফেলেন। আশরাফুল ছাড়াও তার শিকার হয়েছেন সাকিব আল হাসান (২০), মাহমুদুল্লাহ রিয়াদ (১) এবং ধীমান ঘোষ (১)। হঠাৎ ধ্বসের পর আব্দুর রাজ্জাক (১৯ বলে ৩৩) ও ফরহাদ রেজার (৩৬ বলে ৩০) ইনিংস দুটো আশা বাঁচিয়ে রাখলে শেষপর্যন্ত আর তীরে তরী ভিড়িয়ে দিতে পারেনি। অবশ্য এর আগে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে কম তুলোধুনো হননি বাংলাদেশের বোলাররাও। এই ম্যাচে মাশরাফি বিন মর্তুজাকে বিশ্রামে রেখে নামা দলের পেস আক্রমণের নেতৃত্ব দেওয়া শাহাদাত হোসেন ৫ ওভারে দিয়েছেন ৫০ রান। অন্য পেসার নাজমুল হোসেন ১০ ওভারে ৬২। এদের সঙ্গে আব্দুর রাজ্জাক (১০ ওভারে ৫১) ও ফরহাদ রেজাকে (১০ ওভারে ৬৭) বিবেচনায় ধরলে মিতব্যয়ীই বলতে হয় সাকিব আল হাসানেক (১০ ওভারে ৪৫)। এআইএসের ইনিংসে চারটি ফিফটির একটি এসেছে বোলিংয়েও সফল ময়েসেস হেনরিক্সের (৬৯*) ব্যাট থেকে। অন্য তিনটি মলার (৭৪), ওয়েড (৫৫) এবং ফরেস্টের (৮৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৪৫ঘ