ঢাকা, ১৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিশ্চিত হারা ম্যাচে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনা জিপি-বিসিবি একাডেমী দল এবার হেরেছে শোচনীয়ভাবে। প্রথম চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারানোর আনন্দ স্থায়ী হতে দেয়নি দ্বিতীয় এবং শেষ ম্যাচটি। রোববার তারা স্বাগতিকদের কাছে হেরে গেছে এক ইনিংস ও ৫৯ রানে। অবশ্য এই হারে সিরিজ খোঁয়াতে হয়নি সোহরাওয়ার্দী শুভ'র দলকে। প্রথম ম্যাচে জেতায় দুই ম্যাচের স্ট্যান্ডার্ড ব্যাংক সিরিজ শেষ হয়েছে অমীমাংসিতভাবেই (১-১)।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশ একাডেমী দলের ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকান একাডেমী দলের প্রথম ইনিংসে তোলা ৪৩৯ রানই তাই জেতার জন্য যথেষ্ট বলে প্রমাণিত হয়েছে। সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৯০ রানে। এই ম্যাচ সম্পর্কে এরচেয়ে বেশি তথ্য অবশ্য জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.
bdnews24