করাচি, ১২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র এক মাস বাকি। অথচ এ মুহূর্তে পাকিস্তানে নেই জিওফ লসন। পাকিস্তানের কোচ বরং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের আশ্বস্ত করতে এই দুটো দেশ সফর নিয়ে ব্যস্ত। এ নিয়ে রহস্যেরও জন্ম হয়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য এর মধ্যে রহস্যের কিছু দেখছে না। তারা জানিয়েছে আইসিসি'র টাস্ক ফোর্সের পরামর্শেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গেছেন লসন। নিরাপত্তাহীনতার কারণে এই দুটো দেশের বেশ কয়েক জন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসতে অনিচ্ছুক। পাকিস্তানে যে ভয়ের কিছু নেই তা ঐ ক্রিকেটারদের বোঝানোর 'মিশন' নিয়েই নাকি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যেতে হয়েছে লসনকে।
পিসিবি'র একটি সূত্র অবশ্য অন্য কথা জানিয়েছে। এ ব্যাপারে সূত্রটির দাবী, চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল নির্বাচন নিয়ে নির্বাচকদের সঙ্গে মনোমালিন্যের কারণেই নাকি পাকিস্তান ছেড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার। "কয়েক জন খেলোয়াড়ের নির্বাচন নিয়ে নির্বাচকদের সঙ্গে তার (লসনের) মতপার্থক্য হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি মোটেও খুশি নন"--- জানিয়েছে সেই সূত্র। পাকিস্তানের নির্বাচকদের সঙ্গে ঝামেলায় জড়ানো অবশ্য লসনের জন্য নতুন কিছু নয়। এক বছর আগে পাকিস্তান দলের কোচ হওয়ার পর থেকেই প্রকাশ্যে নির্বাচন পদ্ধতির সমালোচনা করে আসছেন তিনি।
পিসিবি'র ঐ সূত্রের দাবী অবশ্য শাফকাত নাগমি মেনে নিতে নারাজ। লসনকে নিয়ে জন্ম নেয়া রহস্য সম্পর্কে পিসিবি'র চিফ অপারেটিং অফিসারের বক্তব্য, "তার (লসনের) যাওয়ার একটাই কারণ। (আইসিসি'র) টাস্ক ফোর্সের মনে হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে তাদের আশ্বস্ত করার জন্য তিনিই সেরা ব্যক্তি। তার চলে যাওয়াটা হঠাৎ করে হয়নি, সিদ্ধান্তের মাধ্যমেই এটা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২০ঘ.
bdnews24