ঢাকা, ১০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় কিটপ্লাই কাপে খেলতে পারেননি তিনি। এশিয়া কাপ খেলতে যেতে পারেননি পাকিস্তানেও। তবে প্রত্যাশা মতোই রোববার ঘোষিত অস্ট্রেলিয়া সফরের ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসাবে দলে এসেছেন পেসার নাজমুল হোসেনও। দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন তিন জন --- নাজিমউদ্দিন, মোশাররফ হোসেন রুবেল ও মুশফিকুর রহিম। মুশফিকুরকে অবশ্য কাঁধের চোটের কারণে রাখা হয়নি। তার জায়গায় অস্ট্রেলিয়ায় উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন ধীমান ঘোষ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় রওনা দেবে বাংলাদেশ দল। ৩০ আগস্ট প্রথম ওয়ানডের আগে ৫টি প্র্যাকটিস ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশ দল :
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা, শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, রকিবুল হোসেন, সাকিব আল হাসান, অলক কাপালি, ধীমান ঘোষ, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, ফরহাদ রেজা, মেহরাব হোসেন জুনিয়র, নাজমুল হোসেন ও ডলার মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটবকম/এএআর/১৬৫৪ঘ.
bdnews24