২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের লড়িয়ে মানসিকতায় গর্বিত কুম্বলে

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যাওয়ার পর ভীষণ চাপের মধ্যে পড়ে গিয়েছিল ভারত। গল টেস্ট তাই তাদের জন্য ছিল এক অগ্নিপরীক্ষার মতো। হেরে গেলেই সিরিজ পরাজয় নিশ্চিত --- এমন কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকা ভারতের সামনে কিন্তু দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। এক দিন হাতে রেখেই ১৭০ রানের বিশাল জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনায় অনিল কুম্বলে একই সঙ্গে গর্বিত ও বিস্মিত। সতীর্থদের লড়াই করার মানসিকতা দেখে ভারতের টেস্ট অধিনায়ক ভীষণ অভিভূতও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

গল, শ্রীলঙ্কা, ৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যাওয়ার পর ভীষণ চাপের মধ্যে পড়ে গিয়েছিল ভারত। গল টেস্ট তাই তাদের জন্য ছিল এক অগ্নিপরীক্ষার মতো। হেরে গেলেই সিরিজ পরাজয় নিশ্চিত --- এমন কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকা ভারতের সামনে কিন্তু দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। এক দিন হাতে রেখেই ১৭০ রানের বিশাল জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনায় অনিল কুম্বলে একই সঙ্গে গর্বিত ও বিস্মিত। সতীর্থদের লড়াই করার মানসিকতা দেখে ভারতের টেস্ট অধিনায়ক ভীষণ অভিভূতও। "এই টেস্টে আমরা যেভাবে খেলেছি তাতে আমি সত্যিই গর্বিত"--- ম্যাচশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এভাবেই নিজের অনূভূতি প্রকাশ করলেন কুম্বলে। তারপর জানালেন দলকে নিয়ে কেন এতটা গর্বিত তিনি, "প্রথম টেস্ট ছিল সে ধরনের ম্যাচ যেখানে কিছুই আমাদের পক্ষে যায়নি। কিন্তু মাত্র চার দিন পর আমরা যেভাবে ফিরে এসেছি তা সত্যিই বিস্ময়কর। আমাদের দলের খেলোয়াড়রা বার বার তাদের দৃঢ়তা দেখিয়ে যাচ্ছে। সেজন্যও আমি গর্বিত।" অপরাজিত ২০১ ও ৫০ রান করে ম্যাচ-সেরা নির্বাচিত বীরেন্দর শেবাগের প্রশংসাতেও কুম্বলে পঞ্চমুখ, "যেভাবে বীরু (শেবাগ) রান করেছে, (প্রথম ইনিংসে দলের) ৩২৯ রানের মধ্যে একাই ২০১ করেছে তা সত্যিই বিস্ময়কর। এবং দ্বিতীয় ইনিংসেও সেই রানের ধারা অব্যাহত রাখা সহজ ছিল না। সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে সে। দুই ইনিংসেই উদ্বোধনী জুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।" কুম্বলের ঠিক বিপরীত অবস্থা মাহেলা জয়াবর্ধনের। কলম্বোতে এক ইনিংস ও ২৩৯ রানের জয় দিয়ে আকাশে উড়তে থাকা শ্রীলঙ্কা গলে এভাবে আত্মসমর্পণ করায় তিনি ভীষণ হতাশ। বিশেষ করে দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে বেশি বিরক্ত শ্রীলঙ্কার অধিনায়ক, "আমি ভেবেছিলাম চতুর্থ দিনের পিচে তাড়া করার জন্য ৩০৭ ভালো একটা স্কোর। কিন্তু যে কোনো রান তাড়া করার জন্য প্রয়োজন হয় ভালো সূচনার। আমরা তা করতে পারিনি। ১০ রানে ৩ উইকেট হারানো নিশ্চয়ই কোনো আদর্শ সূচনা নয়। শেষ দুটো সেশন নিয়ে আমরা ভীষণ হতাশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.