বার্মিংহাম, ইংল্যান্ড, ২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেভিন পিটারসেন অল্পের জন্য মিস করলেও, পল কলিংউড আর সেটা করেননি। এই টেস্টেই দলে ফেরা ওয়ানডে অধিনায়কের সেঞ্চুরিতেই ম্যাচে ফিরেছে ইংল্যান্ড। এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা তুলেছে ৬ উইকেটে ২৯৭ রান, প্রথম ইনিংসে ৮৩ রানে পিছিয়ে থাকায় তাদের লিড ২১৪ রানের।
দ্বিতীয় ইনিংসের শুরুটা কিন্তু আরো খারাপ ইঙ্গিত দিচ্ছিল। এক পর্যায়ে মাত্র ১০৪ রানেই চার উইকেট হারিয়ে বসা ইংলিশদের ফেরার পথটি দেখিয়েছে পিটারসেন আর কলিংউডের পঞ্চম উইকেট জুটি। ১১৫ রানের ওই জুটিটা ভেঙ্গেছে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করে পিটারসেন আউট হয়ে যাওয়ায়। এরপর অ্যান্ড্রু ফ্লিন্টফও করতে পারেননি খুব বেশি কিছু। তবে উইকেট কিপার টিম অ্যামব্রোসকে নিয়ে দিনের শেষ সেশনটা নিরাপদে কাটিয়ে দিয়েছেন কলিংউড। দিনশেষে ১০১ রানে অপরাজিত তিনি, সঙ্গী অ্যামব্রোসের সংগ্রহ ১৯।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪১২ ঘ.
bdnews24