২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি'র বিরোধিতার পরও চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছেই

চ্যাম্পিয়ন্স টোয়েন্টি টোয়েন্টি লিগ আয়োজন নিয়ে আইসিসি আপত্তি জানালেও তাতে কান দিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। তারা জানিয়ে দিয়েছে আইসিসি বিরোধিতা করলেও ২৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটা শুরু হবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

মুম্বাই, ৩১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়ন্স টোয়েন্টি টোয়েন্টি লিগ আয়োজন নিয়ে আইসিসি আপত্তি জানালেও তাতে কান দিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। তারা জানিয়ে দিয়েছে আইসিসি বিরোধিতা করলেও ২৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটা শুরু হবেই। আইসিসি'র নিয়মানুযায়ী কোনো টুর্নামেন্ট শেষ হওয়ার সাত দিনের মধ্যে অন্য কোনো টুর্নামেন্ট শুরু করা যাবে না। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। বিসিসিআই ঠিক তার পর দিন থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করার ঘোষণা দেয়ায় এক ই-মেইলে সদস্য দেশগুলোর বোর্ডের কাছে অসন্তুষ্টি প্রকাশ করেছে আইসিসি। ঐ ই-মেইলে বিসিসিআই'র বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করার অভিযোগও এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সঙ্গে এক বৈঠক শেষে বিসিসিআই অস্বীকার করেছে এই অভিযোগ। তাদের বক্তব্য, আইসিসি'র নিয়মটা আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু সংশ্লিষ্ট দেশগুলোর ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোকে নিয়ে আয়োজিত হবে, তাই এখানে এই নিয়ম খাটবে না। বিসিসিআই'র সহ-সভাপতি ললিত মোদি এবং সিএ'র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সে কথাই জানিয়েছেন এক সংবাদ সম্মেলনে। মোদি বলেছেন, "আমরা সবাই আইসিসি'র যে চুক্তিতে সই করেছি সেটা সদস্য দেশগুলোর জাতীয় দলের ওপরে ভিত্তি করে। এই চুক্তির কারণে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষ হওয়ার সাত দিনের মধ্যে আমরা খেলতে পারবো না।" মোদির কথার সূত্র ধরে সাদারল্যান্ড জানালেন নিয়ম মেনেই চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের যৌক্তিকতার কথা, "আমার মনে হয় পুরো ব্যাপারটার গুরুত্বপূর্ণ বিষয়টা সবাইকে বুঝতে হবে। সেটা হলো এটা একটা ঘরোয়া টুর্নামেন্ট। আন্তর্জাতিক ও আইসিসি'র টুর্নামেন্টগুলোর সঙ্গে এখানেই এই টুর্নামেন্টের পার্থক্য।" ভারতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে অংশ নেবে আইপিএল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টোয়েন্টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। পাকিস্তানের চ্যাম্পিয়ন শিয়ালকোটও অংশ নেবে এই টুর্নামেন্টে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬২৬ঘ.