ঢাকা, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকা সফর এখন পর্যন্ত জাতীয় দলের জন্যও বিভীষিকার প্রতিশব্দই হয়ে আছে। গ্রামীণফোন-বিসিবি একাডেমী দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরটাও তাই কঠিনই হওয়ার কথা। তবে আগামী ৪ আগস্ট এই কঠিন সফরে যাওয়ার আগে সেখানকার কন্ডিশন সম্পর্কে আগাম একটা ধারণা নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন একাডেমী দলের ক্রিকেটাররা। কারণ গেম ডেভলপমেন্ট কমিটি দক্ষিণ আফ্রিকা সফর করে আসা জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অভিজ্ঞতা শোনার ব্যবস্থা করেছে তাদের জন্য।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে দক্ষিণ আফ্রিকা সফরের একাডেমী দল ঘোষণার পর এমন তথ্যই দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট কমিটির নতুন সভাপতি শাকিল কাশেম। জাতীয় দলের ভবিষ্যত খেলোয়াড় তৈরির জন্য একাডেমীর প্রতি জোর দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বললেন এই সাবেক জাতীয় ক্রিকেটার, "অন্যান্য দেশে জাতীয় দলের জন্য বেশ কিছু ব্যাকআপ খেলোয়াড় তৈরি থাকে। আমাদের দেশে তেমন নেই। সেসব ক্রিকেটার এই একাডেমী থেকেই বের করতে হবে।"
দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ১ আগস্ট জাতীয় দলের সঙ্গেও একটা ৪০ ওভারের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকাগামী ১৪ সদস্যের একাডেমী দল। আসন্ন সফরে তারা প্রোটিয়া একাডেমী দলের সঙ্গে তিনটি একদিনের এবং দুটো চারদিনের ম্যাচ খেলবে। ম্যাচগুলো হবে প্রিটোরিয়া এবং জোহানেসবার্গে। বুধবার সংবাদ সম্মেলনে শাকিল কাশেম ছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বিপণন বিভাগের পরিচালক রুবাবা দৌলা মতিন, প্রধান নির্বাচক রফিকুল আলম এবং একাডেমীর অপারেশন্স ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
প্রধান নির্বাচক জানিয়েছেন, বাংলাদেশ 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফররত একাডেমীর ৬ ক্রিকেটারকে বিবেচনায় নেওয়া সম্ভব হয়নি। কারণ ইংল্যান্ড থেকে তাদের দক্ষিণ আফ্রিকার ভিসা করানোর প্রক্রিয়াটা বেশ জটিল। কাজেই দেশে থাকা ১৯ জনের ভেতর থেকেই দল গড়া হয়েছে। যেখানে আছেন এক বছর ইনজুরির সঙ্গে লড়াই করা প্রতিভাবান ব্যাটসম্যান মার্শাল আইয়ুবও। তার ব্যাপারে রফিকুলের ভাষ্য, "মার্শাল এখন খেলার জন্য পুরোপুরি তৈরি। তাছাড়া গত দেড় মাস ধরে ও একাডেমী দলের সঙ্গে প্র্যাকটিসও করছে।"
রফিকুলের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচক কমিটির জন্যও দারুণ একটা খবর এসেছে এই সংবাদ সম্মেলন থেকে। এখন যে কোনো পর্যায়ের দলই তাদের গড়ে দিতে হয়। শিগগিরই তাদের ওপর থেকে চাপ কিছুটা কমে যাচ্ছে, কারণ বিসিবি জুনিয়র নির্বাচক কমিটি গঠনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বলে জানিয়েছেন গেম ডেভলপমেন্টের সভাপতি। আগস্টেরই কোনো এক সময়ে জুনিয়র নির্বাচক কমিটির সদস্যদের নাম ঘোষণার আভাসও দিয়েছেন তিনি।
১৪ জনের একাডেমী দল : সোহরাওয়ার্দী শুভ (অধিনায়ক), সগীর হোসেন (সহ-অধিনায়ক), ফরহাদ হোসেন, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, নাদীফ চৌধুরী, ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, নাসির হোসেন, রায়হানউদ্দিন, মাহবুবুল আলম, শাফাক আল জাবির, জিয়াউর রহমান এবং দেলোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০৫ঘ.
bdnews24