২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইল আর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নন

ক্রিস গেইলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাঙ্গনের আশঙ্কাটাই সত্যি হলো শেষ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন গেইল। পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট ডোনাল্ড পিটার্সের কাছে। পিটার্সকে উদ্ধৃত করে খবরটা জানিয়েছে 'ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এক্সপ্রেস' পত্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ত্রিনিদাদ, ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিস গেইলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাঙ্গনের আশঙ্কাটাই সত্যি হলো শেষ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন গেইল। পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট ডোনাল্ড পিটার্সের কাছে। পিটার্সকে উদ্ধৃত করে খবরটা জানিয়েছে 'ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এক্সপ্রেস' পত্রিকা। দু দিন আগে এই পত্রিকার কাছেই গেইলের পদত্যাগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান। সেই আশঙ্কা সত্যি হলেও ঠিক কী কারণে এই দীর্ঘদেহী ওপেনার অধিনায়ত্ব থেকে সরে দাঁড়ালেন সেটা জানাননি পিটার্স। কারণটা অনুমান করা অবশ্য কঠিন নয়। অধিনায়ক জীবনের শুরু থেকেই বোর্ডের সঙ্গে গেইলের সম্পর্ক ছিল তিক্ত। দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিকবার নিজের অসন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বলেছেন প্রায়ই দল নির্বাচন পদ্ধতির সময়ে তার অন্ধকারে থাকার কথা। দুয়ে-দুয়ে চার মিলিয়ে নিতে তাই সমস্যা হওয়ার কথা নয় কারো। গত বছরের জুনে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের পরিকল্পনা নিয়েও বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন গেইল। সে সময় তাকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন কয়েকজন বোর্ড সদস্য। স্বাভাবিক কারণেই সেটাও ভালো লাগেনি তার। সমালোচনায় ক্ষুব্ধ বোর্ড কর্মকর্তারা তাকে তিরস্কার করে বক্তব্য ফিরিয়ে নেয়ার আহ্বান জানালেও তাতে কান দেননি গেইল। বরং কর্মকর্তাদের বিরুদ্ধে লড়াই করার প্রতিজ্ঞাই তখন করেছিলেন তিনি। তাই গেইলের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার খবরটা তাই ক্যারিবীয় ক্রিকেটের জন্য অনাকাক্সিক্ষত হলেও একেবারে অপ্রত্যাশিত নয়! ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬৪৫ঘ.