২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার সামনে সিরিজ জয়ের হাতছানি

দক্ষিণ আফ্রিকার জন্য প্রতীক্ষাটা দীর্ঘ ৪৩ বছরের। সেই ১৯৬৫-তে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল তারা। তারপর থেকে ক্রিকেটের জন্মভূমিতে প্রোটিয়ারা টেস্ট সিরিজ জয়ের মধুর স্বাদ পায়নি কখনোই। গ্রায়েম স্মিথের দলের সামনে এবার সেই দুঃখ ভোলার সুবর্ণ সুযোগ। বুধবার থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে জয় পেলেই লক্ষ্য পূরণ হবে তাদের। ২২ বছরের নির্বাসনশেষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর প্রথম বারের মতো ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের উৎসবে মেতে উঠতে পারবে দক্ষিণ আফ্রিকানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 09:22 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

বার্মিংহাম, ইংল্যান্ড, ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার জন্য প্রতীক্ষাটা দীর্ঘ ৪৩ বছরের। সেই ১৯৬৫-তে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল তারা। তারপর থেকে ক্রিকেটের জন্মভূমিতে প্রোটিয়ারা টেস্ট সিরিজ জয়ের মধুর স্বাদ পায়নি কখনোই। গ্রায়েম স্মিথের দলের সামনে এবার সেই দুঃখ ভোলার সুবর্ণ সুযোগ। বুধবার থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে জয় পেলেই লক্ষ্য পূরণ হবে তাদের। ২২ বছরের নির্বাসনশেষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর প্রথম বারের মতো ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের উৎসবে মেতে উঠতে পারবে দক্ষিণ আফ্রিকানরা। প্রোটিয়াদের সামনে সুযোগ যে একেবারেই আসেনি, তা নয়। ইংল্যান্ডে আগের তিনটি সফরেই এগিয়ে যাওয়ার আনন্দ উপভোগ করেছিল তারা। কিন্তু সেই তিনটি টেস্ট সিরিজে শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে এবার দক্ষিণ আফ্রিকানরা সেই লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। কোচ মিকি আর্থারের কণ্ঠে সেই প্রতিজ্ঞারই প্রতিধ্বনি, "আমরা আরো একটা ম্যাচ জিততে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই না ওভালে (শেষ টেস্টে) খেলতে নামার সময় সিরিজ জয় নিয়ে কোনো রকম সংশয় থাকুক।" দক্ষিণ আফ্রিকানদের এই প্রতিজ্ঞাবদ্ধতার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হেডিংলিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের সহজ জয়। লর্ডসে প্রথম টেস্টে ফলো অন করে ড্র করার আনন্দও কম অনুপ্রাণিত করেনি প্রোটিয়াদের। সব মিলিয়ে প্রথম দুই টেস্টে দলের পারফরম্যান্সে আর্থার তৃপ্ত। খেলোয়াড়দের পেশাদারি মনোভাবেও তিনি দারুণ খুশি, "এই ম্যাচটা (এজবাস্টন টেস্ট) একদম ঠিক সময়ে আমাদের সামনে এসেছে। দুটো কঠিন টেস্টের পর খেলোয়াড়রা মানসিকভাবে নিজেদের নির্ভার করতে সক্ষম হয়েছে। কিন্তু প্র্যাকটিস করছে দারুণ গুরুত্বের সঙ্গেই।" এই টেস্টে দক্ষিণ আফ্রিকার জন্য একটাই দুঃসংবাদ --- হেডিংলিতে ফিল্ডিংয়ের সময় বুড়ো আঙ্গুল ভেঙ্গে ফেলায় খেলতে পারছেন না ডেল স্টেইন। তবে তার বদলে প্রথম একাদশে সুযোগ পেতে যাওয়া আন্দ্রে নেলকে নিয়ে দারুণ আশাবাদী আর্থার, "ডেলকে (স্টেইনকে) হারানোটা কোনো কাজের কথা নয়। কিন্তু অন্য দিক দিয়ে আন্দ্রে (নেল) আমাদের সাহায্য করতে পারে। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সে এক কথায় দুর্দান্ত বোলার। এই জায়গায় প্রথম দুই টেস্টে আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। ডেলের অনুপস্থিতিতে আমরা হয়তো এক দিক দিয়ে বিশেষ কিছু হারাতে পারি, তবে অন্য দিক দিয়ে আমরা আরো শক্তিশালী হবো।" ইংল্যান্ডের দুই ওপেনার (অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক) বাঁহাতি হওয়ায় এজবাস্টনে নেলের নতুন বল পাওয়ার সম্ভাবনাই বেশি। নেলকে নিয়ে সমস্যা অবশ্য অন্য জায়গায়। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি মাথা গরম করার জন্য বিখ্যাত! সেজন্য তাকে কম ঝামেলায় পড়তে হয়নি। তবে ডানহাতি ফাস্ট বোলার জানাচ্ছেন আগের চেয়ে এখন তিনি অনেক শান্ত, স্থিতধী, "এক দিন আমি আমাদের কম্পিউটার বিশেষজ্ঞর সঙ্গে ঘুরছিলাম। সে প্রায়ই বলে, মাঠে নামলে আমার নাকি পাহাড়ে বাস করা মানুষের মতো অবস্থা হয়। ওদের মতো আমি নাকি মস্তিষ্কে অক্সিজেনের অভাব বোধ করি! তবে এখন আমি অনেক শান্ত। মনে হয় না আমি আর উত্তেজিত হয়ে কোনো অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম দেবো।" দক্ষিণ আফ্রিকা এখন সবচেয়ে বেশি স্বস্তিতে ব্যাটিং নিয়ে। প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই সেঞ্চুরি পেয়েছেন এই সিরিজে। শুধু জ্যাক ক্যালিসকে নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায়। তবে প্রথম দুই টেস্টের তিন ইনিংসে মাত্র ২৪ রান করলেও বাংলাদেশ 'এ' দলের সঙ্গে এক প্রস্তুতি ম্যাচে ৭০ ও ৫৫ রান করে (দু বারই অপরাজিত) ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের মালিক। ঐ ম্যাচে ব্যাটিংয়ের সময় অনামিকায় ব্যথা পেলেও এজবাস্টনে খেলবেন এই সময়ের সেরা অলরাউন্ডার। সব মিলিয়ে তৃতীয় টেস্টে উজ্জীবিত হয়েই মাঠে নামবে গ্রায়েম স্মিথের দল। ম্যাচটা নিল ম্যাকেঞ্জির সামনেও নিয়ে এসেছে উৎসবের উপলক্ষ। এজবাস্টনে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। প্রোটিয়াদের ঠিক বিপরীত চিত্র ইংলিশ শিবিরের। এমনিতেই তাদের সামনে সিরিজ পরাজয়ের আশঙ্কা, তার ওপর দল নির্বাচন নিয়েও বেশ সমস্যায় ছিল তারা। হেডিংলিতে অখ্যাত, অপরিচিত পেসার ড্যারেন প্যাটিনসনকে দলে রেখে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছিল মাইকেল ভনকে। পরে ইংল্যান্ড অধিনায়ক নিজেই স্বীকার করেছেন প্যাটিনসনকে দলে রাখার সিদ্ধান্তটা ছিল ভুল। এজবাস্টন টেস্টের ১৩ সদস্যের দলে প্যাটিনসনকে না রাখতে তাই বিন্দু মাত্র ভাবতে হয়নি ইংলিশ নির্বাচকদের। তার জায়গায় দলে রাখা হয়েছিল এ মৌসুমে কাউন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট পাওয়া স্টিভ হার্মিসন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত দলে রাখা হয়নি তাকে। চোট কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার রায়ান সাইডবটম। ব্যাটিং শক্তি বাড়াতে এই টেস্টে আবার সুযোগ দেয়া হয়েছে গত এক বছরেরও বেশি সময়ে টেস্টে কোনো সেঞ্চুরি না পাওয়া পল কলিংউডকে। চাপের মধ্যে থাকা ইংল্যান্ড দল ও তাদের অধিনায়কের সামনে এখন সবচেয়ে বড় অনুপ্রেরণা তৃতীয় টেস্টের ভেন্যু। তিন বছর আগে এজবাস্টনেই শ্বাসরুদ্ধকর এক ম্যাচে অস্ট্রেলিয়াকে দুই রানে হারিয়ে অ্যাশেজ জয়ের পথে এগিয়ে গিয়েছিল ইংলিশরা। তার দু বছর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এজবাস্টন টেস্টে ভনের ব্যাট থেকে এসেছিল ১৫৬ রানের এক দুর্দান্ত ইনিংস। সেই ম্যাচটাকে অবশ্য 'গ্রায়েম স্মিথের টেস্ট' হিসাবেই মনে রাখতে চাইবে ক্রিকেটপ্রেমীরা। টেস্টে দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭৭ এবং হার্শেল গিবসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩৩৮ রান --- দুটো কীর্তিই ঐ ম্যাচে গড়েছিলেন স্মিথ। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সময় পাঁচ বছর আগের সেই সুখস্মৃতি দক্ষিণ আফ্রিকার অধিনায়কের জন্য বিরাট এক অনুপ্রেরণাও বটে! ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/এমএম/২০২৫ঘ.