২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানের নিচে চাপা পড়লো বাংলাদেশ 'এ' দল

ডার্বিশায়ারের বিপক্ষে অসাধারণ এক জয়ের পর পরই আবার সেই আগের চেহারায় বাংলাদেশ 'এ' দলের ব্যাটিং। শনিবার তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার রান- পাহাড়ের নিচে চাপা পড়েছে তারা। ৩ উইকেটে ৪২৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছেন গ্রায়েম স্মিথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, ২৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ডার্বিশায়ারের বিপক্ষে অসাধারণ এক জয়ের পর পরই আবার সেই আগের চেহারায় বাংলাদেশ 'এ' দলের ব্যাটিং। শনিবার তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার রান- পাহাড়ের নিচে চাপা পড়েছে তারা। ৩ উইকেটে ৪২৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছেন গ্রায়েম স্মিথ। জবাবে চা বিরতির আগে মাত্র ১২১ রানে গুটিয়ে গেছে জুনায়েদ সিদ্দিকীর দল । তবে প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ কাজে লাগানোর আশায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে প্রোটিয়ারা। ৩০৮ রান পেছনে থেকে শেষ করা বাংলাদেশ 'এ' দলকে আসলে শেষ করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী বোলার আন্দ্রে নেল এবং মাখায়া এনটিনি। ৩২ রানে ৪ উইকেট নিয়ে সফলতম বোলার এনটিনি। আর ২৫ রান খরচে নেলের শিকার ৩ উইকেট। বাঁ হাতি স্পিনার পল হ্যারিস ২৪ রানে নিয়েছেন ২ উইকেট। 'এ' দলের ব্যাটিংয়ে সর্বোচ্চ ২৫ রান করে অবদান রেখেছেন নাঈম ইসলাম ও মোশাররফ হোসেন। ব্যাটিংয়ের হতশ্রী চেহারার পরও কিছুটা কৃতিত্বের দাবিদার মোশাররফ। কারণ ৭৪ রানে ৮ উইকেট হারানোর পর তার অপরাজিত ২৫ রানই এক শ' পার করে নিয়ে যায় 'এ' দলকে। এর আগে ৩ উইকেটে ৩৯৭ রান নিয়ে প্রথম দিন শেষ করা প্রোটিয়ারা শনিবার মাত্র ৩২ রান যোগ করেই দান ছেড়ে দেয়। এবং তারপর এনটিনি ও নেলের তোপে মাত্র ৪১ ওভারেই শেষ 'এ' দলের প্রথম ইনিংস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৫৭ঘ.