২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা

২৭ বছর আগের 'বোথাম' হয়ে উঠতে পারেননি অ্যান্ড্রু ফ্লিনটফ। ১৯৮১তে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে ফলো অন করেও ইয়ান বোথামের অপরাজিত ১৪৯ রানের এক অসাধারণ ইনিংস জয় এনে দিয়েছিল ইংল্যান্ডকে। সেই হেডিংলিতেই দলকে বাঁচানোর সুযোগ এসেছিল বোথামের পর ইংল্যান্ডের সবচেয়ে প্রতিভাবান অলরাউন্ডার ফ্লিনটফের সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

লিডস, ২১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ বছর আগের 'বোথাম' হয়ে উঠতে পারেননি অ্যান্ড্রু ফ্লিনটফ। ১৯৮১তে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে ফলো অন করেও ইয়ান বোথামের অপরাজিত ১৪৯ রানের এক অসাধারণ ইনিংস জয় এনে দিয়েছিল ইংল্যান্ডকে। সেই হেডিংলিতেই দলকে বাঁচানোর সুযোগ এসেছিল বোথামের পর ইংল্যান্ডের সবচেয়ে প্রতিভাবান অলরাউন্ডার ফ্লিনটফের সামনে। কিন্তু দেড় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা ফ্লিনটফ ব্যর্থ। ব্যর্থ তার দলও। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে ইংলিশদের দ্বিতীয় ইনিংস ৩২৭ রানেই শেষ। সুবাদে প্রোটিয়াদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯ রানের। সহজ এই লক্ষ্যে কোনো উইকেট না হারিয়েই পৌঁছে গেছে গ্রায়েম স্মিথের দল। আর এক দিন হাতে রেখেই ১০ উইকেটে জিতে চার টেস্টের সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও 'নাইটওয়াচম্যান' জেমস অ্যান্ডারসনের প্রতিরোধে প্রথম সেশনটা প্রোটিয়াদের জন্য নিষ্ফলা যাবে বলেই মনে হচ্ছিল। টেস্টে নিজের সর্বোচ্চ স্কোর ২৮ ছাড়িয়ে যাওয়া (যা গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন তিনি) অ্যান্ডারসনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে একেবারে হতভম্ব হয়ে যাচ্ছিল সফরকারীরা। চারটি বাউন্ডারিতে ৩৪ রান করা অ্যান্ডারসনকে মধ্যাহ্ন বিরতির মিনিট পনেরো আগে এলবিডব্লুর ফাঁদে ফেলে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকান শিবিরে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসেন ডেল স্টেইন। ৫৯ রানের জুটিটা ভেঙ্গে যাওয়ার পর মাঠে নেমেই ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন কেভিন পিটারসেন। চার বলে তিনটি বাউন্ডারিসহ ১৩ রান করা এই দীর্ঘদেহী ব্যাটসম্যান অবশ্য পঞ্চম বলেই আউট! জ্যাক ক্যালিসের গুড লেন্থের বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন। কিন্তু বল তার ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় মার্ক বাউচারের গ্লাভসে। প্রথম সেশন শেষ হওয়ার ঠিক আগে জোড়া সাফল্যের কারণে প্রোটিয়ারা হাসিমুখেই মধ্যাহ্ন বিরতিতে যেতে পেরেছে। দ্বিতীয় সেশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকানদের হাসিতে যোগ হয়েছে বাঁধভাঙ্গা উল্লাস। মধ্যাহ্ন বিরতির সময় ১ রানে অপরাজিত থাকা ইয়ান বেল আর মাত্র ৩ রান করেই আউট! মর্নে মরকেলের খাটো লেন্থের একটি বল কাট করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল চলে যায় গালিতে। ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে দুর্দান্তভাবে ক্যাচটা তালুবন্দী করেছেন আগের দিন দারুণ এক সেঞ্চুরি করা এবি ডি ভিলিয়ার্স। প্রথম সেশন শেষে ৪৬ রানে অপরাজিত থাকা অন্য ব্যাটসম্যান কুকও বেশি দূর যেতে পারেননি। ক্যালিসের বলে কাভারে হাশিম আমলাকে ক্যাচ দিয়েছেন তিনি। কুকের ৬০ রানে বাউন্ডারি ছিল ৬টি। ১৫২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন ইনিংস পরাজয়ের আশঙ্কার সামনে। ফ্লিনটফ এর পর উইকেট কিপার টিম রবিনসনকে নিয়ে সেই শঙ্কা থেকে দলকে মুক্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু সপ্তম উইকেট জুটিতে ৬৮ রান ওঠার পর আবার ধাক্কা। ৩৬ রান করা অ্যামব্রোসকে কট বিহাইন্ড করে প্রোটিয়াদের লক্ষ্যের আরো কাছে নিয়ে যান স্টেইন। স্মিথের দলের জয়ের সামনে ফ্লিনটফও বাধা হয়ে দাঁড়াতে পারেননি। ৩৮ রান করে মরকেলের বলে স্লিপে ক্যালিসের হাতে ধরা পড়েছেন তিনি। ফ্লিনটফের বিদায়ের পর ঝড় তুলেছেন স্টুয়ার্ট ব্রড। তার ৬০ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসের জন্যই ইনিংস পরাজয় এড়াতে পেরেছে স্বাগতিকরা। শেষ উইকেটে প্যাটিনসনকে নিয়ে নিয়ে ৬১ রানের জুটি গড়েছেন ব্রড। শেষ পর্যন্ত প্যাটিনসনকে (১৩) বোল্ড করে দক্ষিণ আফ্রিকার প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন মরকেল। তার আগে পানেসারও (১০) বোল্ড হয়েছেন স্টেইনের বলে। ৩টি করে উইকেট নিয়েছেন স্টেইন ও মরকেল। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩২৮ঘ.