করাচি, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের ক্রিকেটাঙ্গন এখন একের পর এক ডোপিং কেলেঙ্কারিতে জর্জরিত। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ানডের দ্বিতীয়-সেরা টুর্নামেন্টে ভালো ফলাফলের চেয়ে যে কোনো ধরনের ড্রাগ-বিতর্ক এড়ানো নিয়েই সম্ভবত পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি বেশি দুর্ভাবনায়। সেই ভাবনা থেকেই রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলের খেলোয়াড়দের ড্রাগ টেস্ট করিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
পিসিবি'র এমন উদ্যোগ অবশ্য নতুন কিছু নয়। গত চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেও স্বপ্রণোদিত হয়ে ক্রিকেটারদের ড্রাগ টেস্ট করিয়েছিল তারা। আর তার পরই শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের পজিটিভ হওয়ার খবরে চমকে যায় ক্রিকেট-বিশ্ব। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে দু জনকেই দল থেকে প্রত্যাহারও করে নেয় পাকিস্তান। সেবার শোয়েবের দুই এবং আসিফের ওপরে এক বছরের নিষেধাজ্ঞা জারি হলেও সেই রায়ের বিরুদ্ধে আপিল করে শাস্তি থেকে মুক্তি পান দুই ফাস্ট বোলারই।
ক্রিকেট-দুনিয়ায় হৈ-চৈ ফেলা দেয়া ঐ ঘটনার পরও ড্রাগ কেলেঙ্কারি থেকে রেহাই মেলেনি পাকিস্তান ক্রিকেটের। গত মাসে আইপিএল শেষে দুবাই হয়ে দেশে ফিরছিলেন আসিফ। কিন্তু দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ অবৈধ জিনিস (সম্ভবত ড্রাগ!) সঙ্গে রাখার অভিযোগে আটক করে তাকে। ১৯ দিন আটক থাকার পর দেশে ফিরে একটু সুস্থির হয়ে বসতে না বসতেই আইপিএল-এ ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার দুঃসংবাদ পান আসিফ। যে অভিযোগে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল থেকে বাদ দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি পিসিবি।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাই এখন তাদের খেলোয়াড়দের নিয়ে ভীষণ সতর্ক। আর যেন কোনো ডোপিং কেলেঙ্কারি পাকিস্তানের ক্রিকেটকে কালিমালিপ্ত করতে না পারে সেজন্যই তাদের এই উদ্যোগ। পিসিবি'র মেডিক্যাল কমিশনের অন্যতম সদস্য সোহেল সেলিমের কণ্ঠে সেই সতর্কতারই প্রতিধ্বনি, "এই টুর্নামেন্টে আইসিসিও ডোপ টেস্ট করাবে। কিন্তু পিসিবি ড্রাগকে কোনো ধরনের ছাড় না দেয়ার ব্যাপারে অটল।" রোববার বিশ্ব ড্রাগ-বিরোধী সংস্থা (ওয়াডা) অনুমোদিত কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিস খান, বাজিদ খান ও ইয়াসির আরাফাত ছাড়া বাকি সবারই ড্রাগ টেস্ট করানো হয়েছে। দেশের বাইরে থাকায় এই তিন জনের টেস্ট পরে হবে।
মজার ব্যাপার হলো দু বছর আগে ড্রাগ টেস্টে ধরা পড়া শোয়েব আখতার পিসিবি'র এই উদ্যোগে দারুণ খুশি! রোববার সতীর্থদের সঙ্গে এই টেস্ট করানোর পর তার প্রতিক্রিয়া, "চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি। যত তাড়াতাড়ি সম্ভব খেলায় ফিরতে চাই। পুরো ফিটনেস ও ছন্দ ফিরে পাওয়ার জন্য আমার আরো দুই সপ্তাহ প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১০ঘ.
bdnews24