লিডস, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লর্ডসের পর হেডিংলিতেও সেঞ্চুরি পেয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। আর প্রিন্সের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় লিড নেয়ার স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা। শনিবার দ্বিতীয় দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩২২ রান। হাতে ৬ উইকেট নিয়ে প্রোটিয়ারা এগিয়ে আছে ১১৯ রানে।
৩ উইকেটে ১০১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকাকে হাশিম আমলা ও প্রিন্স একটা শক্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু প্রথম টেস্টে সেঞ্চুরি করে প্রোটিয়াদের বাঁচিয়ে দেয়া আমলাকে অভিষিক্ত পেসার ড্যারেন প্যাটিনসন এলবিডব্লুর ফাঁদে ফেললে ধাক্কা খায় সেই চেষ্টা। প্যাটিনসনের এটাই প্রথম টেস্ট উইকেট। প্রথম দিনশেষে ১৮ রানে অপরাজিত থাকা আমলার ব্যাট থেকে এসেছে ৩৮ রান। আমলা-প্রিন্সের চতুর্থ উইকেট জুটিতে উঠেছে ৬৭ রান।
আমলার বিদায় অবশ্য প্রথম দিনশেষে ৯ রানে অপরাজিত থাকা প্রিন্সকে হতোদ্যম করতে পারেনি। এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে দলকে লিড এনে দেয়ার পাশাপাশি নবম টেস্ট সেঞ্চুরিও পূর্ণ করেছেন তিনি। প্রিন্সের অপরাজিত ১৩৪ রানের ইনিংসে বাউন্ডারি ১৪টি ও ছক্কা দুটি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন ৭০ রানে অপরাজিত থাকা ডি ভিলিয়ার্স। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দু জনে মিলে গড়েছেন ১৭৯ রানের এক কার্যকর জুটি।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬২২ঘ.
bdnews24