লিডস, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ৪৬ বলে ৪৫ রান করে কেভিন পিটারসেনই যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো তার এই ইনিংস ডেল স্টেইনের বলে গ্রায়েম স্মিথের তালুবন্দি হয়ে শেষ হওয়ার পর আর কাউকে দাঁড়াতেই দেন নি স্টেইন আর মরকেল। চারটি করে উইকেট নিয়ে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ২০৩ রানে গুটিয়ে দেন তারা। তারপর আরো বেড়েছে ইংল্যান্ডের হতাশা। প্রথম দিন শেষে ৩ উইকেটে ১০১ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার মরকেল (৪/৫২) আর স্টেইনের (৪/৭৬) বোলিং দিনের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেয় টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে। স্ট্রাউস (২৭), কুক (১৮) আর অধিনায়ক মাইকেল ভনকে (০) হারিয়ে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত (৩ উইকেটে) মাত্র ৭০ রান তোলে স্বাগতিকরা। বিরতির পর প্রথম টেস্টের মতোই জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন কেভিন পিটারসেন। কিন্তু স্টেইন তাকে ফিরিয়ে দেয়ায় ১০৬ রানে চতুর্থ উইকেটও হারায় মাইকেল ভনের দল। বাকি ৬ উইকেট পড়ে মাত্র ৯৭ রানে।
জবাবে দক্ষিণ আফ্রিকার সূচণাটা হয়েছিল দারুণ। গ্রায়েম স্মিথের আক্রমনাত্মক ব্যাটিয়ে ১৫.৩ ওভারেই কোনো উইকেট না হারিয়ে পঞ্চাশ পেরোয় তারা। হলে কী হবে, দিন শেষে এমন সূচণার সুবিধেটা কিন্তু পুরোপুরি ধরে রাখতে পারেনি প্রোটিয়ারা। নিল ম্যাকেঞ্জিকে (১৫) ফ্লিনটফের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডকে প্রথম ব্রেক থ্রু এনে দেন জেমস অ্যান্ডারসন। একটু পরে স্মিথও ৬৭ বলে ৮ টি চারের সহায়তায় ৪৪ করে ক্যাচ তুলে দেন স্ট্রাউসের হাতে। সেবার বোলার ছিলেন ফ্লিনটফ। দিনের খেলা শেষ হতে যখন আধ ঘন্টার মতো বাকি তখন অ্যান্ডারসনের আরেকটি আঘাত, ক্যালিস (৪) বোল্ড! স্কোর ৩ উইকেটে ৭৬। প্রোটিয়া শিবিরেও তখন ঝটপট অলআউট হয়ে যাওয়ার আশঙ্কা। বাকি সময়ে সেই আশঙ্কাকে আর বড় হতে দেননি হাশিম আমলা (১৮*) আর অ্যাশওয়েল প্রিন্স (৯*)।
এ ম্যাচের দলে দুটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। একটির কথা আগে থেকেই জানেন সবাই। হ্যাঁ, অনেক দিন পর দলে ফিরেছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। অন্য পরিবর্তনটি অবাক হওয়ার মতো। রায়ান সাইডবটম ইনজুরিতে পড়ায় সুযোগ দেয়া হয়েছে ২৯ বছর বয়সী পেসার ড্যারেন প্যাটিনসনকে।
ক্রিকইনফো'র সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৩১৭ ঘ.
bdnews24