করাচি, ১৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শোয়েব আখতারকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে নেয়া না নেয়ার ব্যাপারটিকে আক্ষরিক অর্থেই হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পিসিবির নির্বাচকরা। দু'দফা নাটকের পর ৩০ জনের প্রাথমিক দলে রাখা হয়েছিল তাকে। অথচ শুক্রবার দেখা গেল, প্রশিক্ষন শিবিরের জন্য নির্বাচকরা যে ২৪ জনের নাম ঘোষনা করেছেন সেখানে নেই শোয়েব! না থাকার কারণ জানাতে গিয়ে পিসিবির প্রধান নির্বাচক সালাহ্-উদ্দিন আহমেদ বলেছেন, "বোর্ড তাদের অনাপত্তির কথা জানিয়ে দিলেই আমরা তাকে (শোয়েব) ক্যাম্পে ডাকবো।" পিসিবি আগেই বলে রেখেছে ৭০ লাখ রূপি জরিমানা পরিশোধ না করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হয়ে খেলা হবে না 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'-এর।
গত ১৫ জুলাই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ৩০ জনের প্রাথমিক দলে রাখা হয় শোয়েব আখতারকে।এর আগেও একবার তাকে প্রাথমিক দলে রেখেছিলেন নির্বাচকরা। তারপর পিসিবি জানায়, ৭০ লাখ রুপি জরিমানা পরিশোধ না করলে দলে রাখা হবে না তাকে। জরিমানা পরিশোধ করার জন্য প্রাথমিক দল চূড়ান্ত করার তারিখ পিছিয়ে দেয়া হয় ১৫ জুলাই পর্যন্ত। কিন্তু শোয়েব এক্ষুনি জরিমানা পরিশোধ না করার ব্যাপারে একেবারে অনড়। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' আইনজীবি মারফত জানান, আদালতের চূড়ান্ত আদেশ না পাওয়া পর্যন্ত পিসিবিকে কোনো জরিমানার টাকা দেয়া সম্ভব নয়। মনে হচ্ছিলো, শোয়েব আখতারের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা বোধহয় শেষ। হলো উল্টোটা। শোয়েবের সিদ্ধান্ত জানানোর পরের দিনই আবার ৩০ জনের দলে রাখা হয় তাকে। নাটক সেখানে শেষ হলেও হতো। পাকিস্তান ক্রিকেটে যে শেষ বলে কোনো কথা নেই তা বোঝাতেই বোধহয় এবার প্রশিক্ষন শিবিরের ২৪ জনের দলে শোয়েবকে রাখেননি নির্বাচকরা। না রাখার জন্য বোর্ডের সবুজ সঙ্কেত না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করার পাশাপাশি আগে প্রাথমিক দলে রাখার একটা কারণও দেখিয়েছেন তারা। সালাহ্-উদ্দিন আহমেদ জানিয়েছেন আইসিসির কথা ভেবেই ৩০ জনের দলে রাখা হয়েছে শোয়েবকে, "আইসিসির ডেডলাইনের কথা ভেবেই ওর নাম আমরা তালিকায় রেখেছি। কিন্তু এখন জরিমানা ইস্যু চুকে না গেলে আমরা ওকে বিবেচনায় নেবো না।"
প্রশিক্ষন শিবিরে ডাক পাওয়া ২৪ জন : শোয়েব মালিক (অধিনায়ক), মিসবাহ্-উল হক (সহ-অধিনায়ক), সালমান বাট, নাসির জামশেদ, খালিদ লতিফ, আহমেদ শেহজাদ, ইউনিস খান, আনোয়ার আলী, শহীদ আফ্রিদি, সোহেল তানভির, ফাওয়াদ আলম, রাও ইফতিখার, আব্দুর রউফ, ইয়াসির শাহ, মনসুর আমজাদ, উমর গুল, মোহাম্মদ আলী, সোহেল খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমের, কামরান আকমল, সরফরাজ আহমেদ, আব্দুর রেহমান ও সাঈদ আজমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২১১৫ঘ.
bdnews24