২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের রেকর্ড নয়, সিরিজ নিয়ে ভাবছেন জয়াবর্ধনে

শচীন টেন্ডুলকারের রেকর্ডের জন্য ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষায়। প্রায় সবারই বিশ্বাস শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন সিরিজে ব্রায়ান লারাকে পেছনে ফেলে টেস্টের সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নিতে তেমন সমস্যা হবে না 'আধুনিক ডন'-এর। তবে এই রেকর্ড নিয়ে মাহেলা জয়াবর্ধনের তেমন মাথাব্যথা নেই। শ্রীলঙ্কার অধিনায়কের পুরো মনযোগ বরং তিন টেস্টের সিরিজটার দিকে নিবদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

কলম্বো, ১৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকারের রেকর্ডের জন্য ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষায়। প্রায় সবারই বিশ্বাস শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন সিরিজে ব্রায়ান লারাকে পেছনে ফেলে টেস্টের সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নিতে তেমন সমস্যা হবে না 'আধুনিক ডন'-এর। তবে এই রেকর্ড নিয়ে মাহেলা জয়াবর্ধনের তেমন মাথাব্যথা নেই। শ্রীলঙ্কার অধিনায়কের পুরো মনযোগ বরং তিন টেস্টের সিরিজটার দিকে নিবদ্ধ। আর ১৭২ রান করলেই লারার ১১,৯৫৭ রানের রেকর্ডকে পেরিয়ে যাবেন টেন্ডুলকার, টেস্টে সর্বোচ্চ রানের অধিকারী হবেন 'ব্যাটিং জিনিয়াস'। ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজটায় তাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি। কিন্তু রেকর্ডটা গড়া থেকে টেন্ডুলকারকে বিরত রাখার প্রতি জয়াবর্ধনে তেমন আগ্রহী নন, "আমি মনে করি না তাকে (টেন্ডুলকারকে) এই রেকর্ড গড়তে না দেয়ার জন্য আমরা খুব বেশি চেষ্টা করবো। ভারতীয় দলের অন্য খেলোয়াড়দের মতোই শচীনকে আমরা দেখবো। অর্জন করতে পারলে এটা হবে একটা বিরাট মাইলফলক। তবে আমাদের লক্ষ্য থাকবে সিরিজকে ঘিরে।" ভারতের মুখোমুখি হওয়াকে বড় এক চ্যালেঞ্জ বলে মানছেন তিনি। তবে একই সঙ্গে জয়াবর্ধনের বিশ্বাস সিরিজটা দারুণ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, "প্রত্যেক বার মুখোমুখি হওয়ার সময় দু দলই ভালো ক্রিকেট খেলে থাকে। দু দলেই ভালো মানসম্পন্ন ক্রিকেটার আছে। আমি নিশ্চিত, মানুষ একটা দুর্দান্ত সিরিজ দেখতে যাচ্ছে। আমরা সব সময়ই ভারতের সঙ্গে খেলাটা খুব উপভোগ করি। সেটা দেশে বা বিদেশে যেখানেই হোক না কেন। এটা (ভারতের মুখোমুখি হওয়া) সব সময়ই খুব কঠিন চ্যালেঞ্জ। প্রতিবেশীদের (ভারতের) সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতাটাও দারুণ।" ভারতের বিপক্ষে ব্যক্তিগত পারফরম্যান্সও মূল্যায়ন করেছেন জয়াবর্ধনে। 'টিম ইন্ডিয়া'র সঙ্গে বেশ কিছু সুখদায়ক স্মৃতি আজো আলোড়িত করে তোলে শ্রীলঙ্কার অধিনায়ককে, "ব্যক্তিগতভাবে ভারতের বিপক্ষে আমার কিছু মাইলফলক আছে। ওদের বিপক্ষেই আমার অভিষেক হয়েছিল, প্রথম ডাবল সেঞ্চুরিও করেছিলাম ওদের সঙ্গে। প্রতিপক্ষ হিসাবে আমার জন্য ওরা বেশ ভালো দল।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৩৫ঘ.