লন্ডন, ১৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়ে ফলোঅনে বাধ্য হলেও দক্ষিণ আফ্রিকার জন্য লর্ডস টেস্ট ড্র করা আর খুব বেশি কঠিন কাজ নয়। অধিনায়ক গ্রায়েম স্মিথ (১০৭) আর নিল ম্যাকেঞ্জির (১০২*) সেঞ্চুরির সুবাদে চতুর্থ দিন শেষে তাদের স্কোর ১ উইকেটে ২৪২। ইংল্যান্ডকে আবার ব্যাট করাতে ১০৫ রান চাই তাদের, হাতে আছে ৯ উইকেট। সোমবার ম্যাচের শেষ দিন। খুব নাটকীয় কিছু না ঘটলে এ ম্যাচ ড্র-ই হওয়ার কথা।
অথচ তৃতীয় দিন শেষেও বড় জয়ের আশাই করছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন বিনা উইকেটে ১৩। পরাজয় এড়াতে হলে প্রায় অসম্ভবকেই সম্ভব করতে হতো। রোববার দুই ওপেনার গ্রায়েম স্মিথ আর নিল ম্যাকেঞ্জি তা প্রায় করেই ফেলেছেন। সারাদিন কোনো তাড়াহুড়ো না করে, ধীরে-সুস্থে ব্যাট করে দলকে পৌঁছে দিয়েছেন একটা স্বস্তিকর জায়গায়। পঞ্চদশ টেস্ট সেঞ্চুরিতে পৌঁছাতে স্মিথকে খেলতে হয়েছে ১৮৬ বল, যেখানে বাউন্ডারি ছিল ১১টি। তবে ১০৭ রানে পানেসারের বলে প্রথম স্লিপে কলিংউডকে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। আর কোনো রান না করেই অ্যান্ডারসনের একটি খাটো লেন্থের বলে ক্যাচ তুলেক দেন পিটারসেনের হাতে, পরিনামে ভেঙ্গে যায় ২০৪ রানের উদ্বোধনী জুটি। অন্য প্রান্তে ধৈর্য্যরে প্রতিমূর্তি হয়ে ব্যাট করে যাচ্ছেন ম্যাকেঞ্জি। দিন শেষে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেও তিনি অপরাজিত। সঙ্গে আছেন হাশিম আমলা (২০*)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ১২২৭ ঘ.
bdnews24