২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে দীর্ঘমেয়াদী চুক্তি হচ্ছে নিম্বাসের সঙ্গে

চুক্তি নিয়ে অভিযোগ ছিল বিস্তর। তদন্ত কমিটি গঠন করে সেসব অভিযোগের সত্যতা আবিষ্কার করা যায়নি ঠিকই, তবে এ কারণে নিম্বাসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টা পিছিয়েই যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, ১২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চুক্তি নিয়ে অভিযোগ ছিল বিস্তর। তদন্ত কমিটি গঠন করে সেসব অভিযোগের সত্যতা আবিষ্কার করা যায়নি ঠিকই, তবে এ কারণে নিম্বাসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টা পিছিয়েই যাচ্ছিল। পর্যালোচনা করে কিছু কিছু ধারায় বিসিবির স্বার্থরক্ষা করে এবং ঝুঁকি কমিয়ে আনার পর এখন অবশ্য শুধু বিশ্বব্যাপী মার্কেটিং এজেন্সি রাইটসের জন্য এলএফএ (লং ফর্ম এগ্রিমেন্ট) হওয়ার অপেক্ষায়। রোববার সন্ধ্যায় ছয় বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে দুই পক্ষের কর্মকর্তারা সই-সাবুদ করতে যাচ্ছেন। শনিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই ২০০৬ সালের ডিসেম্বরে। অর্থাৎ দেড় বছর পর এই চুক্তির ভবিষ্যৎ পাকাপাকি হতে যাচ্ছে। ৫৬.৮৮ মিলিয়ন ইউএস ডলারের এই চুক্তিতে বিসিবির স্বার্থরক্ষার বিষয়টাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। এই যেমন প্রাথমিক চুক্তিতে উৎপাদন ব্যয় (প্রোডাকশন কস্ট) ধরা হয়েছিল ১৯ মিলিয়ন ডলার। দীর্ঘমেয়াদী চুক্তিতে সেটাকে সাড়ে ১৫ মিলিয়নে নামিয়ে আনতে সম্মত হয়েছে নিম্বাস স্পোর্ট ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। কোনোভাবেই সাড়ে ১৫ মিলিয়নের বেশি অর্থ উৎপাদন খরচ খাতে কেটে রাখা যাবে না- বিসিবির তরফ থেকে এটা নিশ্চিত করার পাশাপাশি ঝুঁকিও কমানো হয়েছে। প্রাথমিক চুক্তিতে আটটি সিরিজকে 'লোকসানী প্রকল্প' হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে লোকসানের অঙ্ক কমিয়ে আনা হচ্ছে অনেকটাই। সেজন্য নিম্বাস যেখানে একেকটি সিরিজে ২২/২৩ টি ক্যামেরা ব্যবহার করতে চেয়েছে, সেখানে লোকসান কমাতে বিসিবি সেসব লোকসানী সিরিজে কম ক্যামেরার ব্যবহার নিশ্চিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২১২৩ ঘ.