২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ

শোয়েব আখতারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ -- এটা যারা ধরে নিয়েছিলেন তারা বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে বসতে পারেন। সঙ্গে নিষিদ্ধ ড্রাগ রাখার অভিযোগে ১৯ দিন দুবাইতে আটক থাকা মোহাম্মদ আসিফকে নিয়েও দুর্ভাবনার কোনো কারণ নেই। দুই ফাস্ট বোলারকেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে রেখেছে পাকিস্তান। ফিটনেস আর ফর্ম ঠিক থাকলে দুজনই খেলতে পারেন সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় এই আসরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 05:42 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

করাচি, ১০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- শোয়েব আখতারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ -- এটা যারা ধরে নিয়েছিলেন তারা বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে বসতে পারেন। সঙ্গে নিষিদ্ধ ড্রাগ রাখার অভিযোগে ১৯ দিন দুবাইতে আটক থাকা মোহাম্মদ আসিফকে নিয়েও দুর্ভাবনার কোনো কারণ নেই। দুই ফাস্ট বোলারকেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে রেখেছে পাকিস্তান। ফিটনেস আর ফর্ম ঠিক থাকলে দুজনই খেলতে পারেন সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় এই আসরে। দুজনের একজনেরও ঠিক এই মুহূর্তে পাকিস্তান দলে ডাক পাওয়া খুব একটা প্রত্যাশিত নয়। লাগাতার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত এপ্রিলে শোয়েব আখতারকে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শোয়েব আপিল করলে নিষেধাজ্ঞা ১৮ মাসে কমিয়ে আনে আদালত। গত সপ্তাহে লাহোরের আদালত ১৮ মাসের ওই নিষেধাজ্ঞাকেও স্থগিত করেছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে মোহাম্মদ আসিফ ১৯ দিন দুবাইতে আটক থাকার পর দেশে ফিরেই জেনেছিলেন, দুবাই বিমানবন্দরের কর্মকর্তারা তার বিরুদ্ধে শেষ পর্যন্ত সঙ্গে ড্রাগ রাখার কোনো অভিযোগ না আনলেও পিসিবি বিষয়টি তদন্ত করে দেখবে। তদন্ত হওয়ার আগে তার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে অন্তর্ভুক্ত হওয়াও কারো কারো মনে বিস্ময় জাগাতেই পারে। শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফের চ্যাম্পিয়ন্স ট্রফির ৩০ জনের প্রাথমিক দলে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সালাহ্উদ্দিন আহমেদ, পিসিবির প্রধান নির্বাচক এ-ও বলেছেন ফর্ম আর ফিটনেস বাধা হয়ে না দাঁড়ালে এই দুজনের আবার পাকিস্তানের হয়ে খেলার ব্যাপারে তাদের তরফে অন্তত কোনো সমস্যা নেই, "শোয়েব প্রসঙ্গে শুধু বলবো -- আমাদের (নির্বাচকমন্ডলি) আর বোর্ডের আদালতের আদেশের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আর আসিফের বিষয়টি তো বোর্ড কমিটি খতিয়ে দেখছেই। তাই ওদের চূড়ান্ত নির্বাচনটা নিশ্চিতভাবেই ১০০ ভাগ ম্যাচ ফিটনেস আর বোর্ডের ওপর নির্ভর করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮২৫ঘ.