জোহানেসবার্গ, ৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিসি এখন নিরাপত্তা বিশেষজ্ঞদের রিপোর্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই রিপোর্টের ওপরেই নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে কি না। তবে পাকিস্তানে না হলেও কোনো সমস্যা নেই আইসিসির। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা নির্ধারিত সময়েই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে সক্ষম।
নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানে যাওয়া নিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড এ মুহূর্তে ভীষণ শঙ্কিত। গত রোববার ইসলামাবাদে এক ভয়ঙ্কর বোমা হামলার পর আইসিসিও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে উদ্বিগ্ন। বিকল্প আয়োজক হিসাবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কথাও ভেবে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ঠিক এমন সময়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড 'ক্রিকেট সাউথ আফ্রিকা'র প্রধান নির্বাহী জেরাল্ড মায়োলা 'সিডনি মর্নিং হেরাল্ড' পত্রিকাকে জানালেন তাদের আগ্রহের কথা, "আইসিসি অনুরোধ করলে আর টুর্নামেন্ট আয়োজনের সব শর্ত পূরণ করতে পারলে আমরা এটা (চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন) করবো। প্রস্তুতি নেয়ার জন্য আমাদের হাতে মাত্র দুই মাস আছে। তবে আমাদের সেই ক্ষমতা আছে। আমি বলছি না যে আমরা এর জন্য আবেদন করতে যাচ্ছি এবং আমরা তা করবোও না। আমরা শুধু (পাকিস্তানে) এই টুর্নামেন্ট না হলে আইসিসিকে সাহায্য করতে চাই। আইসিসির সাড়া পাওয়ার অপেক্ষায় আছি আমরা।"
'ক্রিকেট শ্রীলঙ্কা'র প্রধান নির্বাহী ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিলীপ মেন্ডিসও তাদের প্রস্তুতির কথা জানিয়ে রেখেছেন, "ভারত সফরের জন্য আমাদের ভেন্যুগুলো তৈরিই আছে। শুধু ছোট-খাট কিছু কাজ করতে হবে। পাকিস্তানে টুর্নামেন্টটা না হলে আইসিসিকে শুধু যথেষ্ট সময় দিতে হবে আমাদের।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১৫ঘ.
bdnews24