দিল্লি, ৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মহেন্দ্র সিং ধোনি খেলছেন না -- এ খবর জানানোর কয়েক ঘন্টা পর মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্বাচকরা। তাতে বিশ্রাম পাওয়া ক্রিকেটারের তালিকায় যোগ হয়েছে আরেকটি নাম -- যুবরাজ সিং। দলে নতুন মুখ দুটি। এই প্রথম টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন রোহিত শর্মা আর প্রজ্ঞান ওঝা। টেস্ট স্কোয়াডে প্রথম হলেও ওয়ানডেতে অবশ্য দুজনই এখন বেশ চেনা-জানা নাম।
ধোনি না থাকলে কিপিং গ্লাভস পরে উইকেটের পেছনে কে দাঁড়াবেন? সে দায়িত্ব পেতে পারেন দিনেশ কার্তিক বা পার্থিব প্যাটেলের মধ্যে যে কোনো একজন। গত এক বছর ধরে টোয়েন্টি টোয়েন্টি, ওয়ানডে আর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মের প্রমান রাখায় এবার টেস্ট দলের হয়েও ইনিংস সূচনা করার সুযোগ পেতে যাচ্ছেন গৌতম গম্ভির। তাকে সুযোগ করে দিতে গিয়ে ওয়াসিম জাফর বাদ। এ ছাড়া বলার মতো সংযোজন-বিয়োজনগুলো হলো, ইরফান পাঠান ও পিযূষ চাওলার বাদ পড়া, হরভজন সিং আর জহির খানের দলে ফেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সর্বশেষ সিরিজে ভারতীয় দলে ছিলেন ইরফান এবং পিযূষ। খুব ভালো কিছু করতে পারেননি বলে তাদের দলের বাইরে রাখাই সমীচিন মনে করছেন নির্বাচকরা। আর আইপিএল চলার সময় শ্রীশান্তকে চড় মেরে ৫টি ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছিলেন হরভজন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ, তাই দলে ফিরছেন তিনি। তবে শ্রীশান্ত পড়েছেন ইনজুরিতে। সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে রাখা হয়নি তাকে। ওদিকে লাগাতার ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ মিস করা জহির খান এখন পুরোপুরি ফিট। সবচেয়ে অভিজ্ঞ পেসারটিকে নির্বাচকরা তারপরও ডাকবেন না তা কি হয়?
শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ জনের ভারতীয় দল : অনিল কুম্বলে (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, দিনেশ কার্তিক, পার্থিব প্যাটেল, হরভজন সিং, ইশান্ত শর্মা, জহির খান, আর পি সিং, মুনাফ প্যাটেল ও প্রজ্ঞান ওঝা।
ক্রিকইনফো'র সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫৪০ ঘ.
bdnews24