২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু শেষ ম্যাচটাতেই ব্যর্থতা খুঁজে পেলেন আশরাফুল

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ১১৫ রানে অলআউট হওয়াতেই এখন মোহাম্মদ আশরাফুলকে 'ভালো'র সঙ্গে 'মন্দ' শব্দটাও জুড়ে দিতে হচ্ছে। রোববার দুপুরে দেশে ফেরার পর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অধিনায়ক সাংবাদিকদের বললেন, "এই এশিয়া কাপে আমাদের পারফরম্যান্সে ভালো-মন্দ দুটোই ছিল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, ৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ১১৫ রানে অলআউট হওয়াতেই এখন মোহাম্মদ আশরাফুলকে 'ভালো'র সঙ্গে 'মন্দ' শব্দটাও জুড়ে দিতে হচ্ছে। রোববার দুপুরে দেশে ফেরার পর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অধিনায়ক সাংবাদিকদের বললেন, "এই এশিয়া কাপে আমাদের পারফরম্যান্সে ভালো-মন্দ দুটোই ছিল।" শেষ ম্যাচের ১১৫ রানই এই এশিয়া কাপের সর্বনিম্ন রান। অথচ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এবার কোনো দলের আগে ব্যাট করা মানেই মোটামুটি তিনশ বা তার কাছাকাছি রানের নিশ্চয়তা ছিল। সেখানে এত অল্পতে গুটিয়ে যাওয়া লজ্জার বিষয়ই। এ কারণে শেষটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ওই ম্যাচটা যদি না থাকতো? তাহলে অবলীলায়ই এই এশিয়া কাপের পারফরম্যান্সকে দারুণ সন্তোষজনক বলে ফেলতেন আশরাফুল। তার কথায় তেমন মনোভাবই পরিষ্কার, "প্রথম চারটা ম্যাচে কিন্তু ভালোই করেছি আমরা। শেষ ম্যাচটা বাদ দিলে আমাদের ব্যাটিং পারফরম্যান্সকে খারাপ বলার উপায় নেই।" ভারতের বিপক্ষে অলক কাপালির প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশের ২৮৩ রান তোলা এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আশরাফুলের দাবি অনুযায়ী প্রথম চার ম্যাচে ধারাবাহিকভাবে দলের ব্যাটিংয়ে উন্নতিই হয়েছে। সেখান থেকে শেষ ম্যাচে ব্যাটিংয়ে একেবারে ভেঙ্গে পড়ার একটা কারণই আবিষ্কার করতে পারলেন তিনি, "দারুণ ব্যাটিং উইকেট ছিল ওটা। সেখানে ১১৫ রানে অলআউট হওয়াটা ভীষণ হতাশার। আমি বলবো, সেদিন আমরা খুবই খারাপ খেলেছি।" ওই ম্যাচটাকে বাদ দিয়ে যা দেখেছেন, তাতে অধিনায়কের মতো সন্তুষ্ট হতে পারছেন কোচ জেমি সিডন্সও। তার ভাষায়, "বছরে দু'একটা ম্যাচ জেতার চেয়ে ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচটা বাদ দিলে সেরকম ধারাবাহিকতা কিন্তু অন্য ম্যাচগুলোতে দেখা গেছে।" গত বেশ কিছুদিন ধরে বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া দলের খেলোয়াড়দের চোখে-মুখে নাকি আনন্দের ঝিলিক দেখেছেন তিনি আর সেটা নাকি ধারাবাহিকতারই সুফল, "এই টুর্নামেন্টে ছেলেদের সুখী মুখ দেখতে পেয়েছি আমি।" ধারাবাহিকতার কথা বললে এখানে চলে আসে রকিবুল হাসানের কথা। শেষ ম্যাচ বাদ দিলে প্রতিটা ম্যাচেই কম-বেশি রান এসেছে তার ব্যাট থেকে। আশরাফুলের কথায় রকিবুল ছাড়া আরো একজনের কথাও উঠে এলো, "এবারের এশিয়া কাপে আমাদের উন্নতিটা হয়েছে মূলত ব্যাটিংয়ে। রকিবুল প্রতিটা ম্যাচেই ধারাবাহিকভাবে রান করেছে। দারুণ একটা সেঞ্চুরি দিয়ে কামব্যাক করেছে অলক। তবে ওখানকার ব্যাটিং উইকেটে আমাদের কেন, অন্য দলের বোলারদেরও আসলে কিছু করার ছিল না।" নিজের ব্যাটিং প্রসঙ্গে আশরাফুল বললেন, "শুরুটা ভালোই করেছিলাম আমি (আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে), কিন্তু শেষের দিকে ভালো হয়নি।" মানে দলের মতো তার নিজেরও শেষটা ভালো হয়নি। ক্রমাগত ব্যর্থতার পরও শাহরিয়ার নাফীসকে বিবেচনায় না এনে নাজিমউদ্দিনকে খেলিয়ে যাওয়ার ব্যাখ্যায় অধিনায়ক বলেছেন, "আমরা চেয়েছিলাম পাঁচটা ম্যাচেই খেলিয়ে নাজিমের সেরাটা বের করে আনতে। একটা ম্যাচে তো ভালো করেছেও ও।" এক ম্যাচে ভালো করেছেন বলতে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নাজিমের ৪৭ রানের দিকেই ইঙ্গিত করেছেন আশরাফুল। টিম ম্যানেজমেন্ট ওইটুকুতেই কি সন্তুষ্ট? নাজিমের মতো তামিম ইকবাল, রকিবুল, মুশফিকুর রহিম, মোশাররফ হোসেন রুবেল এবং ডলার মাহমুদেরও পাকিস্তান থেকেই ইংল্যান্ড সফররত বাংলাদেশ 'এ' দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে তারা রোববার দলের সঙ্গেই দেশে ফিরে এসেছেন। ইংল্যান্ড যাবেন ৯ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/ ১৮৪০ ঘ.