২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভাল টেস্ট অবশেষে ড্র ঘোষিত

দীর্ঘ দুই বছর ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। অবশেষে সেই লড়াইয়ে জয় হলো তাদের। বৃহস্পতিবার দুবাইয়ে চলমান বার্ষিক মিটিংয়ে ২০০৬ সালের ওভাল টেস্টকে ড্র হিসাবে ঘোষণা করেছে আইসিসি'র নির্বাহী বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

নয়াদিল্লী, ৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ দুই বছর ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। অবশেষে সেই লড়াইয়ে জয় হলো তাদের। বৃহস্পতিবার দুবাইয়ে চলমান বার্ষিক মিটিংয়ে ২০০৬ সালের ওভাল টেস্টকে ড্র হিসাবে ঘোষণা করেছে আইসিসি'র নির্বাহী বোর্ড। দুই বছর আগে ইংল্যান্ড-পাকিস্তান ওভাল টেস্টে জন্ম হয়েছিল এক অভূতপূর্ব ঘটনার। বল ট্যাম্পারিংয়ের অভিযোগে ৫ রান জরিমানা করার প্রতিবাদ চতুর্থ দিন চা-বিরতির পর দল নিয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন পাকিস্তানের তখনকার অধিনায়ক ইনজামাম-উল হক। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করেন সেই ম্যাচের আম্পায়ার ড্যারেল হেয়ার। টেস্ট ক্রিকেটের ১৩০ বছরের ইতিহাসে কোনো ম্যাচের 'ফোরফিট' হওয়ার ঘটনা এটাই প্রথম। হেয়ারের এই সিদ্ধান্ত তখন রীতিমতো ঝড় তুলেছিল ক্রিকেট-বিশ্বে। পিসিবি কিছুতেই মেনে নিতে পারেনি বিতর্কিত সিদ্ধান্তটা। তাদের প্রতিবাদের কারণে তদন্ত করার জন্য শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক রঞ্জন মাদুগালেকে অ্যাডজুডিকেটর হিসাবে নিযুক্ত করে আইসিসি। মাদুগালে ইনজামামকে চার ম্যাচের জন্য সাসপেন্ড করলেও বল ট্যাম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি দেন পাকিস্তানকে। সেই সঙ্গে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন হেয়ারের বিরুদ্ধে। ইনজামামকে শাস্তি ভোগ করতে হয়েছে ঠিকই, তবে হেয়ারও শাস্তির হাত রেহাই পাননি। সে বছর অর্থাৎ ২০০৬ এর নভেম্বরে টেস্ট ও সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই অস্ট্রেলীয় আম্পায়ারের ওপরে। গত মার্চ থেকে অবশ্য ৬ মাসের পুনর্বাসন প্রক্রিয়ার ভিত্তিতে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের অনুমতি দেয়া হয়েছে হেয়ারকে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া ইনজামাম আইসিসি'র এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আনন্দিত, "আমাদের দল ইতিমধ্যেই বল ট্যাম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছে। এখন আমরা সেই টেস্টের ফলাফলেও পরিবর্তন আনতে পেরেছি।" যদিও হেয়ারকে আম্পায়ারিংয়ে ফেরার সুযোগ দেয়ার সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান, "আমি সব সময় বলে এসেছি পুরো ঘটনাটার জন্য হেয়ারের বিরূপ আচরণই একমাত্র দায়ী। আজো এর পক্ষেই কথা বলবো। হেয়ারের জন্যই ঝামেলাটা হয়েছিল। অথচ তিনি আবার আম্পায়ারিংয়ে ফিরেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০০ঘ.