২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বনিম্ন রানের পর ১০ উইকেটের হার

ম্যাচটা কতো তাড়াতাড়ি শেষ হবে? - বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে এই একটা কৌতূহলই অবশিষ্ট ছিল, মোহাম্মদ আশরাফুলের দল এই এশিয়া কাপের সর্বনিম্ন ১১৫ রানে অলআউট হওয়ার পর। সালমান বাট (৫৬*) ও নাসির জামশেদের (৫২*) ওপেনিং জুটি বেশি সময় লাগায়ওনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

করাচি, ৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচটা কতো তাড়াতাড়ি শেষ হবে? - বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে এই একটা কৌতূহলই অবশিষ্ট ছিল, মোহাম্মদ আশরাফুলের দল এই এশিয়া কাপের সর্বনিম্ন ১১৫ রানে অলআউট হওয়ার পর। সালমান বাট (৫৬*) ও নাসির জামশেদের (৫২*) ওপেনিং জুটি বেশি সময় লাগায়ওনি। মাত্র ১৯.৪ ওভারেই তারা পাকিস্তানকে এনে দিয়েছেন এশিয়া কাপের ইতিহাসে তাদের প্রথম ১০ উইকেটের জয়। আর বাংলাদেশের ১০ উইকেটে হারার ঘটনা শুক্রবার দুই অঙ্ক ছুঁয়েছে! ওয়ানডেতে এটা দশমবারের মতো। আগের চারটি ম্যাচে বলার মতো কিছু না কিছু ছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামা বাংলাদেশের ব্যাটিংয়ের এমন হাল যে আগের কৃতিত্বগুলো ভুলে যাওয়ার দশা। এই এশিয়া কাপে আগে ব্যাট করা মানেই যেখানে ছিল তিনশো রানের নিশ্চয়তা সেখানে চরম ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছে বাংলাদেশকে। ৩৮.২ ওভারে অলআউট মাত্র ১১৫ রানেই। যে করাচির ন্যাশনাল স্টেডিয়াম গত কিছুদিন কেবল রানের ফল্গুধারাই দেখেছে, সেখানে বাংলাদেশ দেখালো সবচেয়ে কম রানের ইনিংস। টস হেরে ফিল্ডিংয়ে নামতে হলে পাকিস্তানকে তিনশোর কমে আটকে ফেলার চেষ্টা করত বাংলাদেশ। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নামার পর তাদের নিজেদের বেশিদূর যাওয়ার ইঙ্গিত ছিল না কখনোই। বরং ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ এরপর আর ঘুরেই দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পরিসংখ্যানের পাতায় চলতি এশিয়া কাপে নিজেদের সবচেয়ে বাজে পারফরম্যান্সটাই লিখেছে। শ্রীলঙ্কার সঙ্গে আগের ম্যাচে ৪৭ রানের একটা ভালো ইনিংস খেলা নাজিমুদ্দিন শেষ ম্যাচে আবার ব্যর্থ। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ৩ রান করেই তিনি আউট! ইনিংসের দ্বিতীয় ওভারে আব্দুর রউফকে পুল করতে গিয়ে শোয়েব মালিকের সহজ ক্যাচে পরিণত হয়েছেন নাজিমুদ্দিন। রউফকে ছক্কা মেরে বড় কিছুর ইঙ্গিত দিলেও একই বোলারের পরের বলেই মিসবাহকে ক্যাচ দিয়েছেন আশরাফুল (১৪)। নাজিম ও আশরাফুলকে তুলে নেওয়া রউফ ফিরিয়েছেন তামিম ইকবালকেও (২৬)। শুরুতে রউফের বোলিংয়েই মূলত ছন্নছাড়া বাংলাদেশের ব্যাটিংয়ে শেষপর্যন্ত ইনিংস সর্বোচ্চ হয়ে থেকেছে তামিমের ২৬ রানই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৪৫ঘ.