২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে তিনশো'র মধ্যে আটকে রাখাটাই শেষ ম্যাচের লক্ষ্য

চলতি এশিয়া কাপটাকে রানবন্যার এশিয়া কাপই বলা যেতে পারে। এখানে কোনো দলের আগে ব্যাট করা মানেই (বাংলাদেশ বাদে অবশ্য) তিনশো রানের নিশ্চয়তা। বাংলাদেশের বিপক্ষেই শ্রীলঙ্কা যেমন দু'দুবার তিনশো ছাড়িয়েছে। এরমধ্যে একবার সাড়ে তিনশোও আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, ৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চলতি এশিয়া কাপটাকে রানবন্যার এশিয়া কাপই বলা যেতে পারে। এখানে কোনো দলের আগে ব্যাট করা মানেই (বাংলাদেশ বাদে অবশ্য) তিনশো রানের নিশ্চয়তা। বাংলাদেশের বিপক্ষেই শ্রীলঙ্কা যেমন দু'দুবার তিনশো ছাড়িয়েছে। এরমধ্যে একবার সাড়ে তিনশোও আছে। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শেষ করার আগে এই ধারা ভাঙ্গতে চায় বাংলাদেশ। সেজন্য অবশ্য টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে নামতে হবে। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শেষ ম্যাচের আগে তেমন লক্ষ্যের কথাই বলেছেন, "যদি আমাদের আগে ফিল্ডিং করতে হয়, তাহলে পাকিস্তানকে তিনশোর কমে বেঁধে ফেলার চেষ্টাই থাকবে আমাদের।" যদিও বৃহষ্পতিবার রাতে এই প্রতিবেদন লেখার সময় এশিয়া কাপের স্বাগতিকদের ভাগ্য নিশ্চিত নয়। এদিন ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দিলেই পাকিস্তানের আর কোনো সম্ভাবনাই নেই। ভারত চলে যাবে ফাইনালে। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা হয়ে যাবে কেবলই আনুষ্ঠানিকতার। তবে ভারত হারলে ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশকে হারাতে হতে পাকদের। সেক্ষেত্রে শেষ ম্যাচটা মোহাম্মদ আশরাফুলদের জন্য আরো কঠিনই হয়ে যাবে। শেষ ম্যাচেও বাংলাদেশ দলের একাদশে কোনো পরিবর্তন আসছে না। সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে যে দলটা খেলেছে, সেটাই অপরিবর্তিত থাকছে। যার অর্থ একটা ম্যাচও না খেলে ফিরে আসতে হচ্ছে শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়র এবং মোশাররফ হোসেন রুবেলদের। এবার বোধহয় প্রাপ্তির খাতা খুলে অনেক কিছুই দেখাতে পারবেন আশরাফুলরা। চরম ব্যর্থতার ভেতর থেকেও যেখানে আঁতশী কাচ দিয়ে প্রাপ্তির খোঁজ চলে বাংলাদেশ শিবিরে, সেখানে একই টুর্নামেন্টে দু'জনের সেঞ্চুরি এবং ভারতের বিপক্ষে ২৮৩ রান- দলের পক্ষ থেকে এসব এখন বড় মুখ করেই বলার কথা। আর পাকিস্তানের বিপক্ষে শেষটা ভালো হলে তো কোনো কথাই নেই। ভালো-মন্দ মিলিয়ে এশিয়া কাপটা ভালোই কেটেছে বলা যাবে তখন! বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, নাজিমউদ্দিন, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, অলক কাপালি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.