২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

টস হওয়ার ঠিক আগে একটা দুঃসংবাদ পেল পাকিস্তান। ফিটনেস পরীক্ষার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অধিনায়ক শোয়েব মালিক। কিন্তু এভাবে অধিনায়ককে হারালেও বাঁচা-মরার লড়াইয়ে শেষ পর্যন্ত পাকিস্তানই বিজয়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 06:28 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

করাচি, ২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টস হওয়ার ঠিক আগে একটা দুঃসংবাদ পেল পাকিস্তান। ফিটনেস পরীক্ষার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অধিনায়ক শোয়েব মালিক। কিন্তু এভাবে অধিনায়ককে হারালেও বাঁচা-মরার লড়াইয়ে শেষ পর্যন্ত পাকিস্তানই বিজয়ী। বুধবার এশিয়া কাপের সুপার ফোরে ইউনিস খানের দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠার আশাও বাঁচিয়ে রেখেছে তারা। ৩০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ বল হাতে রেখে জয় ছিনিয়ে নিয়েছে টুর্নামেন্টের স্বাগতিকরা। তবে তারপরও পাকিস্তানকে টেনশনে থাকতে হচ্ছে। কারণ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেলে পাকিস্তানকে পেছনে ফেলে ভারতই উঠে যাবে ফাইনালে। সালমান বাট ও নাসির জামশেদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে দুর্দান্ত সূচনা পেয়েছে পাকিস্তান। ৮ ওভারেই দলকে ৬৫ রান এনে দেন স্বাগতিকদের দুই ওপেনার। জুটিটা ভেঙ্গেছে দু জনের ভুল বোঝাবুঝির কারণে। ৩১ বলে ৬টি বাউন্ডারিসহ ৩৬ রান করে রান আউটের খাঁড়ায় কাটা পড়েন সালমান। তবে জামশেদের ঝড় তাতে স্তিমিত হয়নি। মাত্র ৩৯ বলে ফিফটিতে পৌঁছানোর পর তাকে ফিরতে হয়েছে পায়ের পেশিতে টান পড়ার কারণে। তখন ৪৩ বলে ৯টি বাউন্ডারি সহ জামশেদের রান ৫৩। তিনি ফিরে আসার পর মাঠে নামা মোহাম্মদ ইউসুফ (২০) বেশি কিছু করতে পারেননি। পীযূষ চাওলার টার্ন করানো দারুণ এক বলে বোল্ড হয়ে তাকে ফিরে আসতে হয়েছে। তবে ইউসুফকে হারানোর ধাক্কা দলকে বুঝতেই দেননি ইউনিস। ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি করে পাকিস্তানকে এনে দিয়েছেন সহজ জয়। সঙ্গে পেয়েছেন মালিকের বদলে এই ম্যাচে অধিনায়কত্ব করা মিসবাহকে। দু জনে ২০.২ ওভারে ১৪৪ রানের জুটি গড়ে ভারতের মুঠো থেকে কেড়ে নিয়েছেন ম্যাচটা। ৯৯ বলে সেঞ্চুরিতে পৌঁছানো ইউনিস শেষ পর্যন্ত ১২৩ রান করে অপরাজিত ছিলেন। ১১৭ বলের ইনিংসটা সাজানো ছিল একটি ছক্কা ও ১১টি বাউন্ডারিতে। মিসবাহও আউট হননি। ৬২ বলে একটি ছক্কা ও ৭টি চারে ৭০ রান করে অপরাজিত থেকে যান তিনি। এর আগে বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের ঝড়ো ব্যাটিংয়ে দারুণ সূচনা পেলেও তা ধরে রাখতে পারেনি টসজয়ী ভারত। ১০ ওভারেই দলকে ৮৬ রান এনে দেন ভারতের দুই ওপেনার। কিন্তু তারপরই ভারতীয়দের ছন্দ পতনের সূচনা। ইফতিখার আঞ্জুমের করা একাদশ ওভারের তৃতীয় বলে কাভারে শহীদ আফ্রিদির হাতে ধরা পড়েন গম্ভীর। এই বাঁহাতি ওপেনারের ৩২ বলে ৩৫ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ৪টি। ৮৮ রানে প্রিয় বন্ধুর সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণাতেই বোধহয় পরের ওভারের প্রথম বলে শেবাগও কট বিহাইন্ড! ৩৩ বলে দুটি ছক্কা ও ৬টি বাউন্ডারি সহ ৪৯ রান করা শেবাগকে বিদায় করেছেন আব্দুর রউফ। এবং রউফের সেই ওভারের শেষ বলে পুল করতে গিয়ে সুরেশ রায়নাও আউট (১)। ডিপ মিডউইকেটে ক্যাচটা ধরতে একটুও সমস্যা হয়নি সালমান বাটের। ৯ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ভারত তখন ভীষণ অস্বস্তিতে। ৯১ রানে তৃতীয় উইকেট হারানোর পর যুবরাজ সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন ভারত অধিনায়ক ধোনি। যুবরাজ ভালোই খেলছিলেন, ৩১ বলে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কাসহ ৩৭ রান করে ইঙ্গিত দিচ্ছিলেন বড় কিছু করার। কিন্তু মুখোমুখি হওয়া ৩২তম বলে তাকে ফিরে আসতে হয়েছে। আঞ্জুমের বলে কাট করা যুবরাজের ক্যাচটা বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে গ্লাভসবন্দী করেছেন উইকেট কিপার সরফরাজ আহমেদ। যুবরাজের বিদায়ের সময় ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ১২৯ রান। তারপরই ভারতীয় ইনিংসের সেরা জুটির জন্ম। রোহিত শর্মাকে নিয়ে যে জুটিতে ১১২ রান যোগ করেছেন ধোনি। জুটিটা যখন একটু-একটু করে পাকিস্তানীদের মনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে ঠিক তখনই রোহিত আউট। আঞ্জুুমের খাটো লেন্থের বল পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগ অঞ্চলে রউফের হাতে ধরা পড়েন তিনি। ৭১ বলে ৫৮ রান করার পথে ৪টি বাউন্ডারি এসেছে রোহিতের ব্যাট থেকে। তবে আইপিএল-এ দুর্দান্ত খেলা ইউসুফ পাঠান আবারো ব্যর্থ। আজমলের হাতে ক্যাচ তুলে দিয়ে এক বার বেঁচে গিয়েছিলেন। সেই আজমলকেই প্রথম ওয়ানডে উইকেট উপহার দিয়েছেন ইউসুফ। লং অফে জামশেদকে ক্যাচ দেয়ার আগে কোনো রানই করতে পারেননি আইপিএল-এর ফাইনালের সেরা খেলোয়াড়। তবে সেজন্য তিন শ' পেরোতে সমস্যা হয়নি ভারতের। অধিনায়ক ধোনি ও ইরফান পাঠানের ব্যাটিংই তার কারণ। মাত্র ৪টি বাউন্ডারি মারলেও ৯৬ বলে ৭৬ রান করে দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছেন ধোনি। সোহেল তানভিরকে উড়িয়ে মারতে গিয়ে ভারত অধিনায়ক সরফরাজের গ্লাভসবন্দী হলেও ইরফানকে কেউ আউট করতে পারেনি। টুর্নামেন্টে প্রথম বারের মতো খেলতে নামা ইরফানের ২৫ বলে ৪টি বাউন্ডারি সহ অপরাজিত ৩৮ রানের আক্রমণাত্মক ইনিংসের জন্যই ৭ উইকেটে ৩০৮ রান করতে পেরেছে তারা। ৫১ রানে ৩ উইকেট নেয়া আঞ্জুম পাকিস্তানের সফলতম বোলার। ৬৬ রানের বিনিময়ে রউফের শিকার ২ উইকেট। আইপিএল-এর সেরা বোলার তানভিরের ওপরে সবচেয়ে বেশি খড়গহস্ত ছিল ভারতের ব্যাটসম্যানরা। এই বাঁহাতি পেসার ১০ ওভারে দিয়েছেন ৮৭ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২৩৫৮ঘ.