২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ লড়াইয়ের পর পিসিবির নৈতিক জয়

নৈতিক এক বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পাকিস্তান। ২০০৬ সালে ওভালের 'ফোরফিটেড' টেস্টটিতে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত কখনোই মেনে নিতে না পারা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লড়াই চালিয়ে যাচ্ছিল। শেষপর্যন্ত ওই লড়াইয়ের ফল তাদের পক্ষেই আসতে যাচ্ছে। কারণ বিতর্কিত সেই টেস্টের ফলাফলে 'ড্র' লেখার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে আইসিসিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

করাচী, ২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নৈতিক এক বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পাকিস্তান। ২০০৬ সালে ওভালের 'ফোরফিটেড' টেস্টটিতে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত কখনোই মেনে নিতে না পারা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লড়াই চালিয়ে যাচ্ছিল। শেষপর্যন্ত ওই লড়াইয়ের ফল তাদের পক্ষেই আসতে যাচ্ছে। কারণ বিতর্কিত সেই টেস্টের ফলাফলে 'ড্র' লেখার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে আইসিসিও। পিসিবির একটি সূত্র বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছে তাদের এই বিজয়ের খবর, "ওভাল টেস্টের ফল পাল্টানোর জন্য পাকিস্তান কর্তৃপক্ষকে চাপ দিয়ে যাচ্ছিল। বুধবার বোর্ড মিটিংয়ে (আইসিসির) এই সিদ্ধান্ত হয়েছে।" প্রসঙ্গত, আম্পায়ার ড্যারেল হেয়ার বল টেম্পারিংয়ের অভিযোগ তোলার পর পাকিস্তানের তখনকার অধিনায়ক ইনজামাম-উল হক চতুর্থ দিনের চা বিরতির পর দল নিয়ে মাঠ থেকে বের হয়ে যান। এরপর পাকিস্তান দল মাঠে না নামায় ক্রিকেট ইতিহাস প্রথমবারের মতো দেখে কোনো টেস্ট 'ফোরফিট' হওয়ার ঘটনা। আর অস্ট্রেলিয়ান আম্পায়ার হেয়ার ইংল্যান্ডের জয় লিখে দেন। তারপর থেকেই শুরু পিসিবির লড়াই, বুধবার দুবাইয়ে আইসিসির সভায় যাতে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়েছে। কারণটা জানুন ওই সূত্রের কাছ থেকেই, "আনুষ্ঠানিকভাবে ফল পরিবর্তনের পক্ষে আমাদের যে অবস্থান ছিল, তাতে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সদস্যরাও সমর্থন দিয়েছেন। তাছাড়া এই ঘটনায় হেয়ারকেই দোষী বলে মনে হয়েছে আইসিসির অ্যাডজুডিকেটরেরও। হেয়ার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং পুরো সময়টাতে তার ব্যবহারও যথাযথ ছিল না। বোর্ড তাই ওভাল টেস্টের ফল ড্র লিখতে সম্মত হয়েছে।" ওই ঘটনার পর খোদ আইসিসিই নিষিদ্ধ করেছিল হেয়ারকে। ফল পাল্টানোর ক্ষেত্রে পাকিস্তানের এই যুক্তির কাছেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি হার মেনেছে বলে জানিয়েছে সূত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.