করাচি, ২৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দু-দুটো ক্যাচ পড়ার ঘটনাই আসলে এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচের 'হাইলাইটস'। ২৫ রানে জীবন ফিরে পাওয়া অলক কাপালির দেশের পক্ষে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি বাংলাদেশকে ২৮৩ রানে নিয়ে গিয়েছিল। তারপর শাহাদাত হোসেনের জোড়া আঘাত জাগিয়েছিল ওই রানের নীচে ভারতের চাপা পড়ার সম্ভাবনাও। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের হাতে সব সম্ভাবনারই অপমৃত্যু। কারণ ১৬ রানে তিনি সুরেশ রায়নার ক্যাচ ফেলেছিলেন। এবং ৪০ বল বাকি থাকতে ভারতের ৭ উইকেটের সহজ জয়ের মূলে ওই রায়নাই, যিনি শেষপর্যন্ত অপরাজিত ১১৬ রানে। ম্যাচ উইনিং ইনিংস খেলার পর ম্যান অফ দি ম্যাচের পুরস্কারের চেকটা তার পকেটে না যাওয়ার কোনো কারণই ছিল না।
চলতি এশিয়া কাপটা দুর্দান্ত কাটছে এই বাঁ হাতি ব্যাটসম্যানের। হংকংয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরির (১০১) পর পাকিস্তান ম্যাচে ৮৪, যেটিতে ৩০০ রান তাড়া করে জিতেছে ভারত। আর শনিবার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলা রায়নাই শুধু বাংলাদেশের ফিল্ডারদের আশির্বাদপুষ্ট নন। ক্যাচ পড়েছে আসলে দুটো। যেগুলো ফেলার সঙ্গে সঙ্গে ম্যাচটাও যেন বাংলাদেশের মুঠো গলে বেরিয়ে গেছে। ব্যক্তিগত ৫৬ রানে ফরহাদ রেজার সৌজন্যে গৌতম গম্ভীরও জীবন পেয়ে খেলেছেন প্রচন্ড দাপটের সঙ্গে। সেই দাপটে বাংলাদেশের সব সম্ভাবনা আস্তে আস্তে মুছে গেছে।
বাংলাদেশের বিপক্ষে আগেও দুটো সেঞ্চুরি আছে গম্ভীরের। এদিন তার ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরির দোরগোড়ায় চলে যাওয়া গম্ভীরকে (৯০) অবশ্য থামিয়েছেন ফরহাদই, মাশরাফি বিন মর্তুজার ক্যাচ বানিয়ে। কিন্তু মাশরাফিকে ফরহাদের মতো বঞ্চিত করেছেন মাহমুদুল্লাহও। ফাইন লেগে রায়নার ক্যাচটা যে উঠেছিল মাশরাফির বলেই। অথচ দু-দুটো ক্যাচ পড়ার আগে দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও উজ্জীবিত বাংলাদেশকেই দেখা যাচ্ছিল। ২৮৪ রান তাড়া করতে নামা ভারত পড়ে শাহাদাত হোসেনের জোড়া আঘাতের মুখে। বীরেন্দর শেবাগের অনুপস্থিতিতে গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নামা রবীন উত্থাপাকে (২) বোল্ড করা শাহাদাত রোহিত শর্মাকে (২২) শর্ট মিডউইকেটে ক্যাচ বানান ফরহাদ রেজার। কিন্তু সেই ফরহাদ রেজা পয়েন্টে ফেলে দিলেন গম্ভীরের সহজ ক্যাচ, তা ধরতে পারলে ভারতের স্কোর দাঁড়াতো ৩ উইকেটে ৯৮। আর ৮ রান যোগ করার পর মাহমুদুল্লাহ রিয়াদের হাতে জীবন পান সুরেশ রায়না। দুবারই তারা বঞ্চিত করেছেন বোলার মাশরাফিকে। আর সম্ভাবনা মুছে দিয়েছেন বাংলাদেশের।
ইউসুফ পাঠানকে মিডউইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ফিফটিতে পৌছানোর পরপরই সাজঘর থেকে মোহাম্মদ আশরাফুলের নির্দেশনা, "এবার চালিয়ে খেলো।" এরপরই অলক কাপালি এমন তাণ্ডব শুরু করলেন যে নিমিষেই ফিফটি থেকে পৌছে গেলেন তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে। ফিফটি করতে ৬৫ বল লাগলেও সেখান থেকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে লাগলো মাত্র ২১ বল। আর মৃদু হাওয়া থেকে ঝড়ো বাতাসে রূপ নেওয়া অলক কাপালির ৯৬ বলে ১১৫ রানের ইনিংস ভারতের বিপক্ষে বাংলাদেশকে গড়ে দিয়েছে বিশাল সংগ্রহ, ৬ উইকেটে ২৮৩। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। আর ভারতের বিপক্ষে সর্বোচ্চই।
তামিম ইকবালের ফিফটিতে একসময় ভালোই এগুতে থাকা বাংলাদেশ পরপর তামিম (৫৫) ও রকিবুল হাসানের (২৫) উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায়। তখনই উইকেটে আসা অলকের ঝড়ো ব্যাটিংয়ে গতি পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের (২৬*) সঙ্গে তার ষষ্ঠ উইকেটে ১১২ রানের পার্টনারশিপটিও। এতে রিয়াদের অবদান মাত্র ২৪ রান। আর পার্টনরাশিপের সেঞ্চুরি করতেও লেগেছে মাত্র ৮২ বল। ৯৬ বলের ইনিংসে পাঁচটি ছক্কা ও দ্বিগুণ বাউন্ডারির মারই বলে দিচ্ছে ফিফটির পর কতোটা বিধ্বংসী হয়ে উঠেছিলেন অলক কাপালি।
অনেকদিন ধরেই দলে আসা-যাওয়ার মধ্যে থাকা অলক তার সর্বশেষ ফিফটি করেছিলেন ২০০৬ সালের ২৩ মার্চ, কেনিয়ার বিপক্ষে ফতুল্লায়। ৫৫ রানের ওই ইনিংসটির পর ম্যাচও খেলার সুযোগ পাননি খুব একটা। এরপর খেলা ৮ ম্যাচের মধ্যে সর্বোচ্চ রান ৩০। শনিবার করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে দুই বছর তিন মাস পর আরেকটি ফিফটির আগেই অবশ্য ফিরে যেতে পারতেন তিনি। ২৫ রানে ইউসুফ পাঠানের বলে লং অনে তার ক্যাচ ফেলেন মানপ্রিত গনি।
পরে এই দু'জনের ওপর দিয়েও গেছে অলকের ঝড়ের ঝাপটা। ছক্কা হাঁকিয়ে ফিফটিতে পৌছানোর এক বল পরই সুইপ করে মিডউইকেট দিয়ে মেরেছেন আরেকটি। ফিফটির আগেও এই ম্যাচে ভারতের সফলতম বোলার অভিষিক্ত প্রজ্ঞান ওঝার (২/৪৩) বলও মিডউইকেট দিয়ে বাতাসে ভাসিয়ে সীমানাছাড়া করেছেন একবার। আর সবচেয়ে খরুচে বোলার মানপ্রিত গণির (৮ ওভারে ৬৫ রান, ২ উইকেট) এক ওভারেই অলক-মাহমুদুল্লাহ জুটি তুলে নিয়েছে ১৮ রান। এরমধ্যে টানা দুটো ছক্কা ও একটি বাউন্ডারিসহ ১৭ রানই এসেছে অলকের ব্যাট থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসবি/২৪০০ঘ.
bdnews24