২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের সেঞ্চুরিতে ৯৬ রানের জয়

জয় দিয়েই বাংলাদেশের এশিয়া কাপ শুরু করাটা অনুমিত ছিল। এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৬ রানের সহজ জয় দিয়ে সেরকম শুরু হয়েছেও মোহাম্মদ আশরাফুলের দলের। আর এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিজেই। রকিবুল হাসান ও ডলার মাহমুদদের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে ৮ উইকেটে ৩০০ রানে পৌছে দিয়েছে ঠিকই তবে এর ভিতটা রচিত হয়েছিল আশরাফুলের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতেই। সুবাদে তিনি ম্যান অফ দি ম্যাচও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 10:11 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

লাহোর, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জয় দিয়েই বাংলাদেশের এশিয়া কাপ শুরু করাটা অনুমিত ছিল। এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৬ রানের সহজ জয় দিয়ে সেরকম শুরু হয়েছেও মোহাম্মদ আশরাফুলের দলের। আর এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিজেই। রকিবুল হাসান ও ডলার মাহমুদদের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে ৮ উইকেটে ৩০০ রানে পৌছে দিয়েছে ঠিকই তবে এর ভিতটা রচিত হয়েছিল আশরাফুলের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতেই। সুবাদে তিনি ম্যান অফ দি ম্যাচও। এই ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ারও কথা ছিল বাংলাদেশের। এবং তারা পেয়েছেও। ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস, তৃতীয় উইকেটে সেরা পার্টনারশিপ এবং বাংলাদেশের পক্ষে একাদশ সেঞ্চুরি। অবশ্য প্রাপ্তি শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ থাকেনি। বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক যেমন তৃতীয় বাংলাদেশী বোলার হিসেবে ছুঁয়েছেন একশ' উইকেটের মাইলফলক। রকিবুল তার বলে খুররাম খানের ক্যাচ নেওয়ার সঙ্গে সঙ্গেই মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মর্তুজার পর এই অর্জনের আনন্দে ভাসেন ম্যাচের সফলতম ও সবচেয়ে মিতব্যয়ী বোলার (১০-২-২০-৩)। আর ওই খুররাম খানের জন্যই বাংলাদেশের জয়ের ব্যবধান আরো অনেক বড় হতে পারেনি। একটা সময় তো রানের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের আশাও উঁকি দিচ্ছিল। কিন্তু ৮১ বলে খুররামের ৭৮ রানের ইনিংস সেই সম্ভাবনা শেষ করে দেয়। ৪৫.৪ ওভারে আমিরাতকে ২০৪ রানে শেষ করে দেওয়া অবদান আছে অন্য দুই স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ ও অলক কাপালিরও। তারা নিয়েছেন দুটো করে উইকেট। আর পেসার মাশরাফি, শাহাদাত হোসেন ও ডলার মাহমুদ নিয়েছেন একটি করে। প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেতে তাকে অপেক্ষা করতে হয়েছিল ৫০ ম্যাচ। কিন্তু ২০০৫ সালের ১৮ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি দিয়ে 'কার্ডিফ মহাকাব্য'র রচয়িতা মোহাম্মদ আশরাফুলের দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষাটা আরও বেশি। মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন তিন বছর এবং ৭০ ম্যাচ পর। আর আশরাফুলের বড় ইনিংস মানেই বাংলাদেশেরও বড় সংগ্রহের নিশ্চয়তা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০০ রানে পৌছানোয় রকিবুল হাসানের ৬৩ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংসটারও ভূমিকা কম নয়। তবে বাংলাদেশকে তিনশো ছুঁইয়েছে ইনিংসের একমাত্র ছক্কা হাঁকানো ডলার মাহমুদের ৯ বলে ২০ রানের ছোট্ট আরেকটি ঝড়। ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের তিনশো রান ছোঁয়ার দ্বিতীয় ঘটনা। ডলার শেষ বলে রানআউট না হলে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটাকেও ধরে ফেলা যেত। ২০০৬ সালের ১৭ মার্চ বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ৭ উইকেটে ৩০১ রানই এতোদিন একমাত্র তিনশো ছাড়ানো ইনিংস হয়ে ছিল। এদিন ডলার শেষ বলে দ্বিতীয় রানটি নিতে পারলে দলীয় সর্বোচ্চ ইনিংস হিসেবে এটিও লেখা হয়ে যায়। তা না হলেও পরিসংখ্যানের পাতায় কিছু পরিবর্তন ঠিকই এনেছেন আশরাফুলরা। অবশ্য টস জিতে ব্যাট করতে নামার পর শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। শাহরিয়ার নাফীসকে বাদ দিয়ে এই ম্যাচে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে জুড়ে দেওয়া হয়েছিল নাজিমউদ্দিনকে। কিন্তু নতুন এই ওপেনিং জুটি দেখেনি সাফল্যের মুখ। দলকে ১২ রানে রেখে আমিরাতের সফলতম বোলার জাহিদ শাহ'র (৩/৪৯) বলে ড্রাইভ খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন নাজিম (২)। এরপর তামিমকে সঙ্গে নিয়ে আশরাফুলের সাবধানী ব্যাটিং রানের চাকা সচল রাখছিল। ভুল বোঝাবুঝিতে তামিমের (৪০) রানআউটে ৯৫ রানের দ্বিতীয় উইকেট পার্টনারশিপ ভাঙ্গার পর এসেই শুরু রকিবুলের একশ'র ওপর স্ট্রাইক রেট বজায় রাখা ব্যাটিং। আশরাফুলের তুলনায় বিনোদনসঞ্চারী ব্যাটিং তিনিই করছিলেন বেশি। একারণে অধিনায়কের ফিফটি ৬৩ বলে আসলেও তার লেগেছে মাত্র ৪৮ বল। ঢাকায় ভারতের বিপক্ষে ঠিক আগের ওয়ানডেতেই তার ক্যারিয়ার সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলা রকিবুল যেভাবে এগুচ্ছিলেন, তাতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিটাও হয়ে যেতে পারতো। একই ইনিংসে দু'জনের সেঞ্চুরির প্রথম ঘটনাও দেখতে পারতো বাংলাদেশ। কিন্তু এসবের কিছুই হল না সেঞ্চুরির কথা ভুলে গিয়ে দলের রান বাড়ানোর চিন্তায় রকিবুলের মগ্নতায়। বিগশট নিতে গিয়ে ক্যাচ তুলে দিলেন। তার আগে অবশ্য অধিনায়কের সঙ্গে তৃতীয় উইকেটে বাংলাদেশ সেরা (১৪১ রান) পার্টনারশিপ গড়া হয়ে গেছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এগারো নাম্বার সেঞ্চুরিটাও দেখা হয়ে গেছে ততোক্ষণে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি শাহরিয়ার নাফীসের। তার পরে একাধিক সেঞ্চুরি ছিল কেবল সাকিব আল হাসানেরই (দুইটি)। এদিন তার সঙ্গে আশরাফুলের নামটিও যোগ হয়ে গেল। ১১৪ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌছানো আশরাফুল এদিন রানআউট হওয়ার আগে করেছেন ১০৯ রান। যা তার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২৪০০ঘ.