সিডনি, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক দশকেরও বেশি সময় ধরে তিনি যুদ্ধ করছিলেন ক্যান্সারের সঙ্গে। সেই যুদ্ধে শেষ পর্যন্ত হার মানতে হলো জেন ম্যাকগ্রাকে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার স্ত্রী জেন রোববার সকালে সিডনিতে নিজের বাড়িতে মারা গেছেন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইশেষে।
৪২ বছর বয়সী জেন প্রথম স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ১৯৯৭ সালে, অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরের সময়। ছয় বছর পর ২০০৩ সালে আবার তার ক্যান্সার ধরে পড়ে নিতম্বের হাড়ে। দু বারই চিকিৎসা করিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়েনি ইংল্যান্ডে জন্ম নেয়া জেনের। ২০০৬ সালে মস্তিষ্কে টিউমার ধরা পড়লে আবার চিকিৎসকদের শরণাপন্ন হতে হয় তাকে। তখন স্ত্রী এবং দুই শিশু সন্তানের দেখাশোনার জন্য আট মাস ক্রিকেটের বাইরে ছিলেন সর্বকালের অন্যতম সেরা পেসার ম্যাকগ্রা। সে বছরই ক্রিকেটে ফেরার পর অস্ট্রেলিয়ার অ্যাশেজ উদ্ধার এবং টানা তৃতীয় বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় স্ত্রীকে আরো বেশি সময় দিতে পারছিলেন। রেডিওথেরাপির মাধ্যমে জেনের অবস্থারও উন্নতি হচ্ছিল একটু, একটু করে। কিন্তু বিধি বাম! কয়েক সপ্তাহ আগে অবস্থার অবনতি হতে থাকে তার। শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে পরাস্ত হয়েই জীবন-যুদ্ধে হার মানলেন জেন।
গত এক দশক ধরে ম্যাকগ্রার স্ত্রীর অসুস্থতা অস্ট্রেলিয়ার মিডিয়ায় অন্যতম আলোচিত ঘটনা ছিল। তবে সেটা শুধু ক্যান্সারের সঙ্গে তার লড়াইয়ের জন্য নয়। এই দম্পতি স্তন ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার ব্রত নিয়েছিলেন, গড়ে তুলেছিলেন 'ম্যাকগ্রা ফাউন্ডেশন' নামে একটি জনকল্যাণমূলক সংগঠন। এই সংগঠন গবেষণা ও সেবিকাদের প্রশিক্ষণের জন্য অর্থ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন জনহিতকর কাজও করেছে। সে সব কাজের স্বীকৃতি হিসাবেই এ বছরের শুরুতে ম্যাকগ্রা দম্পতিকে 'মেম্বার্স অব দ্য অর্ডার' সম্মানে ভূষিত করে অস্ট্রেলীয় সরকার।
পরোপকারী, দয়ালু হিসাবে পরিচিতির জন্যই জেনের মৃত্যুতে অস্ট্রেলিয়া জুড়ে এখন শোকের ছায়া। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে শোক প্রকাশ করে জানিয়েছে, "অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রার স্ত্রী এবং জেমস ও হলির মমতাময়ী মা জেন ম্যাকগ্রা আজ সকালে তার নিজের বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।" অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুডের দেয়া বিবৃতিতে ছিল ক্যান্সারের সঙ্গে জেনের সাহসী লড়াইয়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য, "জেনের সাহসী যুদ্ধ সব অস্ট্রেলীয়কেই স্পর্শ করেছে। জেন ছিলেন অনুপ্রেরণার দারুণ এক উৎস।" প্রধানমন্ত্রীর মতো অস্ট্রেলিয়ার সাধারণ মানুষও জেনের মৃত্যুতে শোকগ্রস্ত। টেলিভিশন চ্যানেলগুলো তাদের অনুষ্ঠান থামিয়ে বার বার প্রচার করেছে তার মৃত্যু-সংবাদ। সারা দেশে বিভিন্ন খেলা দেখতে স্টেডিয়ামে জড়ো হওয়া দর্শকরা জেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫২ঘ.
bdnews24