২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফের ঘটনা তদন্তে পিসিবির কমিটি গঠন

দুবাই কর্তৃপক্ষ ছেড়ে দিলেও সহজে মুক্তি পাচ্ছেন না মোহাম্মদ আসিফ। ড্রাগ রাখার অভিযোগে ১৯ দিন দুবাইয়ে আটকে থাকা আসিফের বিতর্কিত ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। তার সঙ্গে সত্যিই কোনো ড্রাগ বা অবৈধ বস্তু ছিল কি না তা খতিয়ে দেখবে এই কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

লাহোর, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুবাই কর্তৃপক্ষ ছেড়ে দিলেও সহজে মুক্তি পাচ্ছেন না মোহাম্মদ আসিফ। ড্রাগ রাখার অভিযোগে ১৯ দিন দুবাইয়ে আটকে থাকা আসিফের বিতর্কিত ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। তার সঙ্গে সত্যিই কোনো ড্রাগ বা অবৈধ বস্তু ছিল কি না তা খতিয়ে দেখবে এই কমিটি। শুক্রবার ১৯ দিনের 'বন্দীদশা' কাটিয়ে স্বদেশে ফেরা আসিফ অবশ্য শুরু থেকেই বলে আসছেন তার সঙ্গে অবৈধ কিছু ছিল না। তবে পাকিস্তানের এই ফাস্ট বোলারের ভেষজ ঔষধ সঙ্গে রাখার দাবিতে মন গলেনি পিসিবি কর্তৃপক্ষের। পিসিবির তিন কর্মকর্তা শাফকাত নাগমি, জাকির খান ও নাদীম আকরামকে নিয়ে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পিসিবির চেয়ারম্যান নাসিম আশরাফ জানিয়েছেন, "এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব কাগজপত্র ও নির্ভর করার মতো তথ্য যোগাড় করার নির্দেশ দেয়া হয়েছে এই কমিটিকে। তদন্তশেষে তারা আমাকে একটা রিপোর্ট দেবে। একই রিপোর্ট পাঠিয়ে দেয়া হবে আইসিসির কাছে।" দুবাই কর্র্তৃপক্ষ ছেড়ে দিলেও শাস্তির আশঙ্কা থেকে এখনো মুক্ত নন আসিফ। নাসিম আশরাফের পরের কথায় সেই ইঙ্গিতই পাওয়া গেলো, "তদন্তের কপি দেখেই আমরা সিদ্ধান্ত নেবো আসিফকে ক্ষমা করা যায় কি না। অপরাধ সব সময়ই অপরাধ। কোনো খেলোয়াড় অপরাধ করলে সে শাস্তি পাবেই। তার মুক্তি পাওয়া আমাদের জন্য স্বস্তিদায়ক। তবে এটা তো সত্যি যে এই ঘটনা আমাদের ভীষণ অস্বস্তির মধ্যে ফেলেছে। আর বোর্ডেরও সেজন্য অনেক নির্ঘুম রাত কেটেছে।" যে চিকিৎসক বা হেকিম আসিফকে ঔষধটা দিয়েছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনার কথা জানালেন পিসিবি প্রধান, "আমি তার (আসিফের) বক্তব্য শুনেছি। সে আমাকে বলেছে যে প্রাকৃতিক ভেষজের এক জন বিশেষজ্ঞের কাছ থেকে পাওয়া এক ধরনের ব্যথানাশক ঔষধ পেয়েছিল। আসিফের সঙ্গে আসলেই কি ছিল তা জানার জন্য প্রয়োজনে সেই হেকিমকেও জিজ্ঞাসাবাদ করে তার বক্তব্য সংগ্রহে রাখবো আমরা।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫০ঘ.