২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিবিঘ্নিত ম্যাচের 'বিরতি আইন' বদলালো আইসিসি

বৃষ্টি আর আইনের জটিলতা একজোট হয়ে বুধবার যেভাবে নিউজিল্যান্ডের জয় কেড়ে নিয়েছিল ভবিষ্যতে সেরকমটি আর হবে না। শুক্রবার আইসিসি জানিয়েছে, আগের নিয়ম সংশোধন করা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আম্পায়াররাই প্রয়োজন অনুযায়ী ম্যাচের বিরতির সময় ঠিক করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

লন্ডন, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৃষ্টি আর আইনের জটিলতা একজোট হয়ে বুধবার যেভাবে নিউজিল্যান্ডের জয় কেড়ে নিয়েছিল ভবিষ্যতে সেরকমটি আর হবে না। শুক্রবার আইসিসি জানিয়েছে, আগের নিয়ম সংশোধন করা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আম্পায়াররাই প্রয়োজন অনুযায়ী ম্যাচের বিরতির সময় ঠিক করবেন। বুধবার হয়েছিল উল্টোটা। দিনের প্রথম চার ঘন্টা বৃষ্টির জন্য খেলাই হলো না অথচ ২৪ ওভারের ম্যাচে ইংল্যান্ডের ইনিংস শেষে দেয়া হলো ৩০ মিনিটের বিরতি। পরে নতুন করে বেঁধে দেয়া ২৩ ওভারে ১৬০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড দেখলো ১৯ ওভারে ২ উইকেটে ১২৭ রান করার পর আবার বৃষ্টি শুরু এবং খেলা পরিত্যক্ত। বিরতিতে নষ্ট করা ওই ৩০ মিনিটের জন্য তখন তাদের আফসোস হলোই, কেননা আরো ১ ওভার খেলা হলে আর সে সুযোগে ৭ রান করলেই জিতে যেতো ড্যানিয়েল ভেট্টোরির দল। ম্যাচের এমন পরিণতির জন্য ডাকওয়ার্থ লুইস পদ্ধতি এবং সেই সঙ্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাধ্যতামূলক ৩০ মিনিট বিরতির সমালোচনা হয়েছে প্রচুর। তারই প্রতিক্রিয়ায় শুক্রবার এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে প্রকৃতি বিরূপ হলে এখন থেকে সেই ম্যাচে বিরতি কতটা দীর্ঘ হবে তা নির্ধারণ করবেন আম্পায়াররা, " আগে ব্যাট করা দলের ইনিংস যেখানে দেরিতে শুরু হবে অথবা ইনিংস বাধাগ্রস্ত হবে সেখানে বিরতির সময় আম্পায়াররাই কমিয়ে দেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২১০০ঘ.