ঢাকা, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জেমি সিডন্স সংবাদ সম্মেলন থেকে উঠেই যাচ্ছিলেন। তার জন্য প্রশ্ন আহবান করার পর প্রশ্নকর্তারাও যে সবাই চুপ! গত কিছুদিনে বাংলাদেশের নিম্নগামী পারফরম্যান্স এবং তা নিয়ে চর্বিতচর্বণেই এমন হয়ে থাকবে হয়তো। তাই "কোনো প্রশ্ন নেই?"- বলে উঠে যাওয়ার সময় একজন তাকে একটা প্রশ্ন করে থামালেন। আর এই অস্ট্রেলিয়ানের উত্তর অনেক লম্বা হয় বলেই এশিয়া কাপ খেলতে পাকিস্তানগামী বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনটা একটু দীর্ঘ হলো। তারপরও মিনিট পাঁচেকের বেশি নয় কিছুতেই! বৃহষ্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত অনেকের চোখে তাই এটা হয়ে গেল 'বাংলাদেশের সংক্ষিপ্ততম সংবাদ সম্মেলন'।
সংক্ষিপ্ত হলেও এই সংবাদ সম্মেলনে অন্তত একটি জয়ের কথা বেশ জোরেশোরেই উচ্চারিত হলো। তবে এই জয়ের স্বপ্ন ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো প্রবল প্রতিপক্ষের বিপক্ষে নয়, ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের গ্র"প পর্বে শ্রীলঙ্কার সঙ্গে পাওয়া দুর্বল দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এর আগের এশিয়া কাপেও দুর্বল দল হংকংকে হারিয়েই শুরু করেছিল বাংলাদেশ। এবারো জয় দিয়েই শুরু করার সুযোগ পাচ্ছে মোহাম্মদ আশরাফুলের দল। কারণ, ২৪ জুন লাহোরে বাংলাদেশের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেই।
এ ম্যাচ জেতা মানেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা। আপাতত সেদিকেই তাকিয়ে আছেন সিডন্স। "প্রাথমিক লক্ষ্য প্রথম দুই ম্যাচের অন্তত একটাতে জেতা এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়া"- বলে আবার নির্দিষ্ট করে দিয়েছেন, "সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতবো বলেই আমার বিশ্বাস। আর শ্রীলঙ্কা তো ভারত ও পাকিস্তানের মতোই শক্তিশালী দল। নিজেদের সেরা খেলাটা খেললে শ্রীলঙ্কাকেও হারানো সম্ভব। কিন্তু সেই খেলাটা তো আমাদের খুব বেশি খেলা হয় না।"
বাস্তবতা মাথায় থাকায় দ্বিতীয় রাউন্ডে গিয়ে শুধু ভালো খেলাতেই লক্ষ্য নির্দিষ্ট রাখলেন তিনি, "দ্বিতীয় রাউন্ডে দারুণ ক্রিকেট দেখতে চাচ্ছি আমি। ব্যাটসম্যানদের কারো কারো মাঝে আমি উন্নতির বেশ ভালো লক্ষণ দেখেছি। কিন্তু সম্মিলিতভাবে পারফর্ম করার ব্যাপারটা এখনো দেখিনি। আশা করছি এই টুর্নামেন্টেই ছেলেরা তা করে দেখাবে।"
তা করে দেখাতে হলে মোহাম্মদ আশরাফুলকেও ঝলসে উঠতে হবে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক যে ব্যাটিংয়ে তার স্বকীয়তা বিসর্জন দিয়ে বসে আছেন? কিটপ্লাই কাপের দুই ম্যাচে চিরচেনা আক্রমণাত্মক আশরাফুলকে চেনাই দায় হয়ে উঠেছিল। পরিস্থিতি দাবি করলে এশিয়া কাপে চেনা আশরাফুলকেই দেখা যাবে বলে আশ্বাস দিয়েছেন আশরাফুল, "ত্রিদেশীয় সিরিজে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছি। দুই ম্যাচেই তিন নাম্বারে ব্যাট করেছি। এশিয়া কাপেও হয়তো এই পজিশনেই নামবো আর পরিস্থিতি দাবি করলে আগের মতো মেরেই খেলবো।"
এশিয়া কাপ খেলতে ২১ জুন দুপুর ১টা ৩০ মিনিটে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। বাজে সময়কে পেছনে ফেলতে আশরাফুল মেডিটেশন কোর্সও করেছেন। তাতে কতটা কাজ হলো, এশিয়া কাপে গিয়ে সেটাও বুঝতে চান বাংলাদেশ অধিনায়ক, "মেডিটেশনে লাভ হয়েছে কিনা তা এশিয়া কাপে গিয়ে বুঝবো। তবে ৪০ ঘন্টার এই কোর্সে অনেক পজিটিভ কথা শুনেছি, একটিও নেগেটিভ কথা নয়। যদি দেখি এশিয়া কাপে এতে ফল পাচ্ছি, তাহলে পরে পুরো দলকে এটা করানোর প্রস্তাব দেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/ ১৭০২ ঘ.
bdnews24