ব্রিজটাউন, ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজেরই। পাঁচ বছর আগে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান করে পাওয়া সেই জয়ই এখন ক্যারিবীয়দের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে তাদের সামনে যে সেই অস্ট্রেলিয়ারই ৪৭৫ রানের চ্যালেঞ্জ! শেষ দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আরো ২৪০ রান, আর অস্ট্রেলিয়ার ৭ উইকেট।
রোববার তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনশেষে এমন আকর্ষণীয় সমীকরণের সামনে দাঁড়িয়ে দুই দল। সাইমন ক্যাটিচ ও ফিল জ্যাকসের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৪৩৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৭৫ রানের। চতুর্থ ইনিংসে বিশ্ব রেকর্ড গড়ে জয়ের পথে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২৩৫ রান ।
আগের দিনশেষে ১৪৮ রানে অপরাজিত থাকা ক্যাটিচ রোববার বেশি দূর যেতে পারেননি। আর ৯ রান করে বাঁহাতি স্পিনার সুলেইমান বেনের বলে ক্যাচ দিয়েছেন বদলি ফিল্ডার ড্যারেন স্যামিকে। ক্যাটিচের ৪৮৮ মিনিট দীর্ঘ ৩৩২ বলে খেলা ১৫৭ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ১৪টি। ভালো ফর্মে থাকা অ্যান্ড্রু সাইমন্ডসও মাত্র ২ রান করে পরিণত হয়েছেন বেনের শিকারে।
তবে দিনের শুরুতে দু-দুটো উইকেট তুলে নেয়ার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি ক্যারিবীয়রা। মাইকেল ক্লার্ক ও ব্র্যাড হ্যাডিনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংই তার কারণ। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ৭৯ রান যোগ করেছেন দুজনে। ক্লার্কের অপরাজিত ৪৮ রানে ৬টি বাউন্ডারি। আর ৪৫ রানে অপরাজিত থাকার পথে ৫টি বাউন্ডারি ছাড়াও একটি ছক্কা হাঁকিয়েছেন হ্যাডিন।
৪৭৫ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খারাপ হয়নি। জাভিয়ের মার্শালের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করে বেশ ভালো একটা সূচনা দলকে এনে দিয়েছেন ক্রিস গেইল (২৬)। স্টুয়ার্ট ক্লার্ক ক্যারিবীয় অধিনায়ককে ব্রেট লি'র ক্যাচ বানালেও মার্শাল-সারওয়ানের ৯৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ভালোভাবেই সামনে এগিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। সেই অগ্রযাত্রা রোধ করেছেন মাইকেল ক্লার্ক। বাঁহাতি স্পিনে সারওয়ানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন তিনি।
৫৬ বলে ৬টি বাউন্ডারিতে ৪৩ রান করা সারওয়ানের বিদায়ের পর মার্শালও বেশিক্ষণ থাকতে পারেননি। ১২টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৮৫ রান করে বো ক্যাসনের বলে জ্যাকসকে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন তিনি। ক্যাসনের এটাই প্রথম টেস্ট উইকেট। ১৮১ রানে মার্শালকে হারানোর পর বাকি প্রায় ১৫ ওভার দলের আর কোনো ক্ষতি হতে দেননি শিবনারায়ণ চন্দরপল ও ডুইন ব্রাভো। দিনশেষে চন্দরপল ২৭ ও ব্রাভো ৩০ রানে অপরাজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬২৪ঘ.
bdnews24