২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভীরের সেঞ্চুরিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো ভারত

ফাইনালে উঠতে হলে ভারতকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে জিততে হতো। বাংলাদেশ কঠিন সেই হিসেব মেলানোর আশাও জাগাতে পারেনি। বৃহস্পতিবার কিটপ্লাই কাপে রাকিবুলের ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশের দেয়া ২২৩ রানের টার্গেটে খুব সহজেই পৌঁছে গেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাইনালে উঠতে হলে ভারতকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে জিততে হতো। বাংলাদেশ কঠিন সেই হিসেব মেলানোর আশাও জাগাতে পারেনি। বৃহস্পতিবার কিটপ্লাই কাপে রাকিবুলের ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশের দেয়া ২২৩ রানের টার্গেটে খুব সহজেই পৌঁছে গেছে ভারত। গৌতম গম্ভীরের অপরাজিত সেঞ্চুরি (১০৭*) আর বীরেন্দর শেবাগের ঝড়ো ফিফটি (৩২ বলে ৫৯) ১৪.৫ ওভার হাতে রেখেই ৭ উইকেটের জয় এনে দিয়েছে তাদের। এর ফলে দু ম্যাচ হেরে কিটপ্লাই কাপ শেষ করলো বাংলাদেশ। আগামী ১৪ জুন, শনিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচের পরিণতি কী হতে পারে তা খানিকটা বোঝা গিয়েছিল শেবাগ-গম্ভীরের ব্যাটিংয়েই। গত ম্যাচের মতো এবারও ভারতের ইনিংসকে দারুণ এক ভিতের ওপর দাঁড় করিয়ে দেয় তাদের উদ্বোধনী জুটি। ৯.৫ ওভারে ৮৬ রান ওঠে এই জুটিতে। অবশ্য তারপরই, অর্থাৎ ডলার মাহমুদের ভীষণ খরুচে ওভারের শেষ বলে তামিম ইকবালকে ক্যাচ দিয়ে দেন শেবাগ। তাতে কী, ডলারের সেই ওভারে দুটো চার আর দুটো ছক্কাসহ ২৪ রান তুলে ৩২ বলে ৫৯ রান করে ফেলা শেবাগ সর্বনাশ যা করার তা তো করেই দিয়েছেন ততক্ষণে! তবু ফেরা যেতো ম্যাচে, যদি না রোহিত শর্মাকে (২৬) পাশে পেয়ে ৫৭ বলে ফিফটি করা গম্ভীর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির লক্ষ্য স্থির করে ফেলতেন। তা সেঞ্চুরির দিকে গম্ভীরের এ যাত্রাকে অসম্পূর্ণ রেখে রাজ্জাকের বলে রোহিত মাশরাফির ক্যাচ হয়ে বিদায় নিলে যুবরাজ এলেন সঙ্গী হতে। ম্যাচ আরো সহজ হয়ে গেল ভারতের জন্য। একটা করে চার ও ছক্কা মেরে যুবরাজ ৩৩ বলে ২৬ রান করে যখন ফরহাদ রেজার বলে বোল্ড হলেন তখন জয়ের জন্য আর মাত্র ৮ রান দরকার। ৯৫ বলে পঞ্চম সেঞ্চুরি করে ফেলা গম্ভীরের জন্য সেটা কোনো কাজই ছিল না! দলকে সহজ জয় উপহার দিয়ে দিল্লির এই ব্যাটসম্যানই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। মাশরাফি ভালো বল করেও কোনো উইকেট পাননি, শেবাগ-গম্ভীরদের দাপটে যাদের জন্য এ ম্যাচ দুঃস্বপ্ন হয়ে থাকার কথা সেই ফরহাদ রেজা (১/৪৫), ডলার মাহমুদ (১/৪২) আর আব্দুর রাজ্জাক (১/৪৮) ঠিকই পেয়েছেন একটি করে উইকেটের সান্ত্বনা। এর আগে দিনরাতের এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সুফল পাননি বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। প্রথম ওভারেই বাংলাদেশের উইকেট পতনের সূচনা। প্রবীন কুমারের করা ইনিংসের পঞ্চম বলেই তামিম ইকবাল (০) কট বিহাইন্ড! শুরুর এই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা চলে কিছুক্ষণ। আরপি সিংকে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মেরে সাফল্যের ইঙ্গিতও দিয়েছিলেন অন্য ওপেনার শাহরিয়ার নাফীস (৯)। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে যান তিনি। পরিনামে ১৭ রানে দুই ওপেনার নেই! তবে রকিবুল হাসানের সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় থেকে দলকে রক্ষা করেন মোহাম্মদ আশরাফুল। কোনো ঝুঁকি না নিয়ে দেখে-শুনে খেলছিলেন তিনি। যখন একটু হাত খুলতে গেলেন তখনই আউট, ইউসুফ পাঠানের প্রথম ওভারের (ইনিংসের ২৫তম) শেষ বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ৬৭ বলে খেলা আশরাফুলের ৩৬ রানের ইনিংসে বাউন্ডারির মাত্র দুটি। ওই দুটি মারে অবশ্য আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও ছিল না, দুটোই বল ব্যাটের কানায় লেগে বেরিয়ে যাওয়ার সুফল। অধিনায়ক তো তবু একটু রয়ে-সয়ে খেলে ত্রিশ পেরিয়েছেন, এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম (৬) দুই অংকের ঘরেই যেতে পারেননি। পীযূষ চাওলাকে তুলে মারতে গিয়ে আকাশে বল উঠিয়ে দেন বাংলাদেশের উইকেটরক্ষক। খুবই সহজ ক্যাচ, তা ধরতে একটুও সমস্যা হয়নি সুরেশ রায়নার। বাংলাদেশের স্কোর তখন ৪ উইকেটে ১০৬ রান। ১৩ রানের মধ্যে দুই উইকেট হারানোর ধাক্কা মাত্র নবম ওয়ানডে খেলতে নামা রকিবুলকে অবশ্য বিচলিত করতে পারেনি। ঠান্ডা মাথায় খেলে ওয়ানডেতে দ্বিতীয় ফিফটিতে ঠিকই পৌঁছে যান তিনি। এই তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান ওয়ানডেতে নিজের সর্বোচ্চ স্কোরকে ( ৬৩, বনাম দক্ষিণ আফ্রিকা) ছাড়িয়ে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেও সে স্বপ্ন ধাক্কা খায় অলক কাপালির বিদায়ে। ২৬ বলে দুটি বাউন্ডারিতে ২০ রান করা অলককে ইরফান পাঠান বোল্ড করলে ভেঙ্গে যায় বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। পঞ্চম উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন রকিবুল-অলক। তারপর থেকে আবার পথ হারাতে শুরু করে বাংলাদেশের ইনিংস। প্রচন্ড গরমে কাহিল হয়ে পড়া রকিবুল ৫টি বাউন্ডারির সহায়তায় ১১৭ বলে সহ ক্যারিয়ার সর্বোচ্চ ৮৯ রান করার পর আরপি'র বলে প্রবীনকে ক্যাচ দেয়ায় স্কোর ২৩০ অন্তত পার করানোর দায়িত্ব পড়ে মাহমুদুল্লাহ (২৪), ফরহাদ (৫), মাশরাফি (১৩), রাজ্জাক (৮*) আর ডলার মাহমুদের (০) ওপর। ক্যামিও ইনিংস খেলে সেই চাহিদা পূরণে সবাই শতভাগ ব্যর্থ। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও টস জিতেছিলেন আশরাফুল। তবে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের মতো এবার আর প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাননি। আগে ব্যাট করে ফাইনাল নিশ্চিত করার মতো বড় ব্যবধানের জয়ের পথে হাঁটতে নিশ্চয়ই বড় স্কোর আশা করেছিলেন আশরাফুল। প্রভীন কুমার (১/৩২), আর পি সিং (৩/৪৬), ইরফান পাঠান (২/৪৮), পিযূষ চাওলা (১/৪২) আর ইউসুফ পাঠান (১/৯) তা হতে দেননি। বাংলাদেশ : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, রকিবুল হাসান, অলক কাপালি, ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মাশরাফি মর্তুজা, ডলার মাহমুদ ও আব্দুর রাজ্জাক। ভারত : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, পীযূষ চাওলা, প্রবীন কুমার ও আরপি সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২৫৪ ঘ.