২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে বিশাল পরাজয়ে ক্ষুব্ধ নাসিম আশরাফ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। মঙ্গলবার ত্রিদেশীয় কিটপ্লাই কাপে ১৪০ রানের ঐ বিশাল পরাজয়ে স্বাভাবিকভাবেই পাকিস্তানের ক্রিকেটাঙ্গন ভীষণ হতাশ, ক্ষুব্ধ। ক্ষোভটা সম্ভবত সবচেয়ে বেশি নাসিম আশরাফের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 10:25 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

করাচি, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। মঙ্গলবার ত্রিদেশীয় কিটপ্লাই কাপে ১৪০ রানের ঐ বিশাল পরাজয়ে স্বাভাবিকভাবেই পাকিস্তানের ক্রিকেটাঙ্গন ভীষণ হতাশ, ক্ষুব্ধ। ক্ষোভটা সম্ভবত সবচেয়ে বেশি নাসিম আশরাফের। পিসিবি চেয়ারম্যান এতটাই ক্ষুব্ধ যে দলের ম্যানেজার তালাত আলীর কাছে পর দিনই একটি ই-মেইল পাঠিয়েছেন তিনি। সেখানে ফুটে বেরিয়েছে খেলোয়াড়দের কমিটমেন্ট ও বাজে পারফরম্যান্স সম্পর্কে উষ্মা আর সন্দেহ! 'ভারতের বিপক্ষে গত রাতের যা পারফরম্যান্স, যেখানে আমরা ১০০রও বেশি রানে হেরেছি তা ছিল খুবই বিব্রতকর। ম্যাচটা হেরে যাওয়ার জন্য আমি কোনো প্রশ্ন তুলছি না। কিন্তু সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স এবং কমিটমেন্টের অভাব ভীষণ দুঃখ দিয়েছে আমাকে। একটি জুনিয়র দলের মতোই আমরা হাসছিলাম আর মজা করছিলাম। যেন শীর্ষস্থানীয় কোনো দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েই আমরা সুখী। এটা বন্ধ করতে হবে"--- লিখেছেন নাসিম আশরাফ। খারাপ পারফরম্যান্স, কমিটমেন্টের অভাবের পাশাপাশি কামরান আকমলের 'কুকীর্তি'তেও তিনি ভীষণ বিরক্ত। সেদিন বীরেন্দর শেবাগের একটা ক্যাচ মাটি থেকে তুলে নিয়েছিলেন পাকিস্তানের উইকেট কিপার। ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছেন না পিসিবি চেয়ারম্যান, "এটা অখেলোয়াড়সুলভ আচরণ। আমি এ ধরনের আচরণ কোনো খেলোয়াড়ের কাছ থেকে দেখতে চাই না। দয়া করে প্রত্যেক খেলোয়াড়কে সতর্ক করে দেবেন। আমাদের আসলে অন্য এক জন উইকেট কিপারের খোঁজ করা উচিৎ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬২১ঘ.