ঢাকা, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- রাকিবুল হাসানের কথা আপনি প্রথম কবে শুনেছিলেন? বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম নিমেষেই মনে করতে পারলেন, "আমাদের রকিবুল ভাই (রকিবুল হাসান, বাংলাদেশের সাবেক অধিনায়ক) প্রায়ই বলতেন তার নামের একজন ব্যাটসম্যান নাকি উঠে আসছে।"
তবে নাম নয়, ব্যাটিং দিয়েও রাকিবুল রকিবুলের নজর কাড়তে পেরেছিলেন। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তার ক্যারিয়ার সর্বোচ্চ ৮৯ রানের ইনিংসটা দেখার পর তাই সবচেয়ে উচ্ছ্বসিত লোকটার নামও রকিবুল, "আমার নামের সঙ্গে মিল আছে বলেই যে ওকে পছন্দ করতাম তা নয়। বয়সভিত্তিক পর্যায়ে ওর খেলা দেখে মুগ্ধ হয়েছিলাম। এদিন প্রমাণ করলো ও ভীষণ গোছালো ব্যাটসম্যান। তবে নিজের নামের সঙ্গে মিল আছে এমন একজনের ভালো পারফরম্যান্স আমার জন্য বাড়তি সুখের কারণ তো বটেই।"
একটা জায়গায় অবশ্য রাকিবুল হাসান বাংলাদেশে অদ্বিতীয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি যে এদেশে আর কারোর নেই। বছর দুয়েক আগে ফতুল্লা স্টেডিয়ামে বরিশালের হয়ে জাতীয় ক্রিকেট লিগে অপরাজিত ৩১৩ রানের ইনিংস দিয়েই নিজের আবির্ভাবের ঘোষণা দেওয়া এই ব্যাটসম্যানের ওই ইনিংসটা দেখা হয়নি রকিবুলের, "নাহ, ট্রিপল সেঞ্চুরিটা দেখা হয়নি। তবে ম্যাচ রেফারি হিসেবে ওর আরো দুটো সেঞ্চুরি মাঠে বসে দেখেছি। তখনই টেকনিক, টেম্পারামেন্ট মিলিয়ে ওকে নিঁখুত একজন ব্যাটসম্যান বলেই মনে হয়েছিল আমার।"
তবে হতাশার কথা হচ্ছে রাকিবুলের মতো এমন অনেককে নিয়েই বাংলাদেশে আশার কথা শোনা গেছে বিস্তর। কিন্তু প্রথম প্রথম ঝলক উপহার দিয়ে হারিয়ে যাওয়ার কিংবা ব্যর্থতায় ডুবে যাওয়ার নজিরও কম নয়। এই বাংলাদেশ দলেই যেমন আছেন শাহরিয়ার নাফীস ও অলক কাপালিরা। ক্যারিয়ারের শুরুর দিকেই যারা হইচই ফেলে দেওয়ার মতো পারফরম করেছেন। পেয়েছেন তারকাখ্যাতির আলো। কিন্তু তাদের অনেকেরই এখন সেই আলোর নীচের অন্ধকারে ডুবে যাওয়া দেখে আমিনুল ইসলাম ভীষণ সতর্ক।
নিজে থেকেই বললেন, "ও কতোদূর যাবে, সে বিষয়ে এখনই কিছু বলবো না আমি। কারণ আমাদের এখানে ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটা ভালো ইনিংস খেলা অনেকেই আছে। তাদের নিয়ে পত্র-পত্রিকায় অনেক প্রশংসাবাক্য লেখা হয়েছে কিন্তু পরে আর তারা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। কাজেই আমি আরো দেখতে চাই।" বৃহষ্পতিবার ক্যারিয়ারের মাত্র নবম ওয়ানডে খেললেন। তবে গত মার্চে চট্টগ্রামের বিপক্ষে ওয়ানডে অভিষেকে অবশ্য তেমন কিছুই করা হয়নি তার। করেছিলেন ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে।
ওই ম্যাচে প্রথম ওয়ানডে ফিফটি (৬৩) করলেও এরপর থেকে তার ব্যাটে রানের দেখা মিলছিল না। দুর্বল আয়ারল্যান্ডের পর পাকিস্তান সফরেও রান পাননি। ওই ৬৩ রানের পর জামালপুর থেকে উঠে আসা এই তরুণের সর্বোচ্চ ইনিংস হয়ে ছিল অভিষেকের ১৫ রান। এমনিতেই বাজে অবস্থার মধ্যে দিয়ে যাওয়া দলকে তিনিও যখন দুঃুশ্চন্তায় ফেলছিলেন, তখনই তার ব্যাট থেকে এদিন বেরিয়ে এল ৮৯ রানের ইনিংসটা। সেঞ্চুরি পাওয়াও কেবলই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু ক্রমেই অসহ্য হয়ে উঠতে থাকা হ্যামিস্ট্রংয়ের চোটে মনোযোগ হারানোটা বোঝা গেছে তার আউট হওয়ার ধরনেই।
তার আগে যেমন ব্যাটিং করছিলেন, সেটা নিয়ে অবশ্য মন্তব্য করতে আপত্তি নেই আমিনুলের। তিনি রাকিবুলের এই ইনিংসটাকে দেখছেন সমস্যাক্রান্ত বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য একটা উদাহরণ হিসেবেই, "বাজে পারফরম্যান্সের কারণে আমাদের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের স্তর এখন স্বাভাবিকভাবেই অনেক নীচে নেমে গেছে। এই অবস্থায় কিভাবে একটা ইনিংস সিঙ্গেল-ডাবলসের ওপর খেলে গড়তে হয়, রাকিবুলের ইনিংসটা তার মূর্ত প্রতীক।"
কিন্তু ভয় একটাই, তিনিও না আবার শুরুর সাফল্যের পর হারানোর প্রতীক হয়ে যান!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.
bdnews24