২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাহলে কি এখন এই বাংলাদেশকেই দেখতে হবে!

আরেকটি অসহায় আত্মসমর্পণ নিশ্চিত জেনে মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বেশিরভাগ দর্শকই ততোক্ষণে বাড়ির পথ ধরেছেন। তারপরও যারা ছিলেন, তারা কিটপ্লাই সিরিজের উদ্বোধনী ম্যাচের শেষ ওভারটিতে বিনোদনসঞ্চারী কিছু শট দেখার আশায় নড়েচড়ে বসেছিলেন। কারণ উইকেটে তখন মোহাম্মদ আশরাফুলের সামনে একেবারেই অনিয়মিত বোলার ইউনিস খান। অবিশ্বাস্য হলেও সত্যি আশার বেলুন ফুটো করে দিয়ে বাংলাদেশ অধিনায়ক ওভারটিকে মেডেন বানিয়ে দিলেন! এটার মতো বাংলাদেশের ব্যাটিং জুড়েই ছিল নেতিবাচক মানসিকতার প্রকাশ। যা ক্রিকেটামোদীদের মাঝে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 05:53 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আরেকটি অসহায় আত্মসমর্পণ নিশ্চিত জেনে মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বেশিরভাগ দর্শকই ততোক্ষণে বাড়ির পথ ধরেছেন। তারপরও যারা ছিলেন, তারা কিটপ্লাই সিরিজের উদ্বোধনী ম্যাচের শেষ ওভারটিতে বিনোদনসঞ্চারী কিছু শট দেখার আশায় নড়েচড়ে বসেছিলেন। কারণ উইকেটে তখন মোহাম্মদ আশরাফুলের সামনে একেবারেই অনিয়মিত বোলার ইউনিস খান। অবিশ্বাস্য হলেও সত্যি আশার বেলুন ফুটো করে দিয়ে বাংলাদেশ অধিনায়ক ওভারটিকে মেডেন বানিয়ে দিলেন! এটার মতো বাংলাদেশের ব্যাটিং জুড়েই ছিল নেতিবাচক মানসিকতার প্রকাশ। যা ক্রিকেটামোদীদের মাঝে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। এসব প্রশ্নে অবশ্য বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্সের কিছু এসে যাচ্ছে না। কারণ সাধারণ্যে যেটি প্রশ্নের জন্ম দিচ্ছে, সেটিকে এই অস্ট্রেলিয়ানের সঠিক বলেই মনে হচ্ছে। এই যেমন সেদিন আশরাফুলের ব্যাটিং দেখে তাকে চেনাই গেল না। স্ট্রোকের ফুলঝুরি ছোটানো দেখে অভ্যস্ত চোখ বেশ বড় এক ধাক্কাই খেল যখন ৯৩ বলে ৫৬ রান করে অপরাজিত থাকলেন তিনি। বিশ্বজুড়ে কোচরা ব্যাটসম্যানের স্বাভাবিক খেলাকে সাধারণত বাঁধাগ্রস্ত করেন না। আশরাফুলের ক্ষেত্রে বরং সেটাই ঘটেছে। এবং কোচের মনমতো ব্যাটিং করে বাহবাও কুড়িয়েছেন। রোববার রাতে সংবাদ সম্মেলনে সিডন্স বলেও ফেললেন, "ও যাতে এরকম ব্যাটিংই করে সেজন্য আমরা অনেক চেষ্টা করেছি। আশা করছি অ্যাশ এমন ব্যাটিংই করে যেতে পারবে। এভাবে খেললে বিশ্বের যেকোনো দলের পক্ষেই ওকে আউট করা কঠিন হবে।" আর এভাবে খেলে নিজের স্বকীয়তা হারানোর চিন্তায় আশরাফুলকেও খুব একটা চিন্তিত বলে মনে হচ্ছে না। বরং কোচের মানসিকতা ধারণ করায় বেশ পাকা হয়ে উঠেছেন বলেও মনে হল তার কথায়, "ধুমধাড়াক্কা ব্যাটিং করতে ভালো লাগে ঠিক তবে আগে তো ওভাবে খেলে সফল হইনি। এখন এভাবে খেলে সফল হলে ক্ষতি কী!" কিন্তু সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ ক্ষতি দেখছেন অনেক। পাকিস্তান ম্যাচ দেখার পর এখন তাকে বলতে হচ্ছে, "ওই ম্যাচটা দেখার পর খুব বাজে অনুভূতি হয়েছে আমার। দলের মানসিকতায় ব্যাপক সমস্যা আছে বলে মনে হয়েছে। মনে হয়েছে আমরা সাত আট বছর আগে ফিরে গেছি। যখন অল্পতে অলআউট হয়ে যেন লজ্জায় না পড়ি, সেজন্য দলের লক্ষ্যই থাকত পুরো ওভার খেলে দেওয়া। এটা মোটেও ভালো লক্ষণ নয়।" সেই সঙ্গে ফারুক এ-ও যোগ করতে ভুললেন না, "প্রশিক্ষক মনে করছেন আমাদের বড় জয়গুলো ঝড়ে বক মরার মতো। এজন্য শূন্য থেকে শুরুর চেষ্টা চলছে। আমি শূন্য থেকে শুরুর কোনো কারণ দেখি না। গত বিশ্বকাপে আমরা দ্বিতীয় রাউন্ডে গিয়েছিলাম। দুটো বড় ম্যাচ জিতেছিলাম। এরপর সবাই এমনকি আমাদের গুণতেও শুরু করেছিল। এখন আমরা আবার আগের অবস্থায় চলে যাচ্ছি। মাঝখানে কিছুদিন খারাপ সময় যাওয়ার পর এখন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নেতিবাচকভাবে চেষ্টা করছি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.