২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলকের ফেরা, ডলারের অভিষেক আর রাজ্জাকের দুঃস্বপ্ন দূর করার দিন

বেশ কিছুদিন বিরতি দিয়ে দলে আসা যাওয়াই আপাতত অলক কাপালির নিয়তি হয়ে আছে। এবং সুযোগ পেয়ে তেমন কিছু করে দেখাতে না পারার ফল বাদ পড়া। ব্যাট হাতে ব্যর্থতায় এবারও সেটা হতেই পারে, কিন্তু তার আগে বল হাতে তিনি জানিয়েছেন বাদ দেয়ার আগে যেন তার অলরাউন্ড সামর্থ্যটাকে মাথায় রাখা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বেশ কিছুদিন বিরতি দিয়ে দলে আসা যাওয়াই আপাতত অলক কাপালির নিয়তি হয়ে আছে। এবং সুযোগ পেয়ে তেমন কিছু করে দেখাতে না পারার ফল বাদ পড়া। ব্যাট হাতে ব্যর্থতায় এবারও সেটা হতেই পারে, কিন্তু তার আগে বল হাতে তিনি জানিয়েছেন বাদ দেয়ার আগে যেন তার অলরাউন্ড সামর্থ্যটাকে মাথায় রাখা হয়। ৮ ওভারে ৪৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট এবং সত্যি বললে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করা দুুই ব্যাটসম্য্নাকে তিনি না ফেরালে পাকিস্তানের রান যে কোথায় গিয়ে থামত! আব্দুর রাজ্জাকের জন্য ফেরার কোনো ব্যাপার ছিল না। তার সামনে ছিল অন্য চ্যালেঞ্জ। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে গিয়েছিলেন ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে। সুযোগ পাওয়া একমাত্র ম্যাচে ২ ওভার বল করে ২৯ রান দেওয়ার দুঃস্বপ্ন ভোলার চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেখানে বসে থেকে থেকে তার ম্যাচ প্র্যাকটিসের অভাবটা। কিন্তু অলকের মতোই ৩ উইকেট নিয়ে তিনিও জানান দিলেন তাকে নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। আর বেশ কিছুদিন ধরে প্রতিশ্র"তিশীল বোলার হিসেবে চিহ্নিত হয়ে আসা ডলার মাহমুদ ওয়ানডে অভিষেকে হইচই ফেলে দেওয়ার মতো কিছু করতে পারেননি তবে প্রতিশ্র"তি পূরণের ইঙ্গিত তো দিয়েছেনই। অলক, রাজ্জাকের স্পিনে পাকিস্তানের ইনিংস প্রত্যাশিত আকার না পাওয়ার আগে প্রথম আঘাতটা হেনেছিলেন ডলারই। মাশরাফি বিন মর্তুজার পর নড়াইল থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে আসা এই পেসারের শুরুটা অবশ্য হতে পারতো স্বপ্নের মতো। সালমান বাট আর কামরান আকমলের উদ্বোধনী জুটি যখন ভাঙ্গা যাচ্ছিল না, তখনই দশম ওভারে ডলারকে আক্রমণে নিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আর আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম বলেই উইকেট পাওয়ার আনন্দে ভাসতে ভাসতেও ভাসা হয়নি তার। কারণ কামরান আকমল প্লেড অন হতে হতেও হননি। তবে নিজের প্রথম উইকেটটা পেতে বেশিক্ষণ লাগেনি ডলারের। তার ইনসুইং আকমলের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। আকমলের বিদায়ের পরের বলেই বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিংয়ের একঝলকও দেখা গেছে। যেখানে সালমান বাট লেগের দিকে বল ঘুরিয়েই রান নিতে চেয়েছিলেন। কিন্তু শর্ট মিডউইকেটে ডাইভ দিয়ে বল থামানো রাকিবুল হাসান চকিতে থ্রো করেন বোলার রাজ্জাককে। এবং রাজ্জাক বেলস ভেঙ্গে দেওয়ার সময় তখনো ক্রিজে পৌছাননি ইউনিস খান। পরপর দুই বলে দুটো উইকেট তুলে নিলেও বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন সালমান। ছোটো দলকে সামনে পেলেই বাংলাদেশের শাহরিয়ার নাফীস যেমন রানের ফল্গুধারা ছোটান, পাকিস্তানের হয়ে সালমানের কাজও তার প্রায় কাছাকাছি। খুব বেশি পেছনে যেতে হবে না। গত এপ্রিলে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে দুটো সেঞ্চুরিসহ ৪৫১ রান করা সালমান (৪৭) এদিন আরেকটা সেঞ্চুরি পেয়ে যান কিনা তা নিয়েই যখন আলোচনা চলছিল, তখনই তাকে রাকিবুলের ক্যাচ বানিয়ে ফেরান অলক। মোহাম্মদ ইউসুফকেও (৫৯) নিজের শিকার বানানো অলক ৪৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের সর্বশেষ ওয়ানডে খেলা অলকের প্রত্যাবর্তন ম্যাচে বাঁ হাতি স্পিনার রাজ্জাক ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট। আরেকজনের কথা তো বলাই হল না। পাকিস্তানকে আড়াইশো পার করতে না দেওয়ায় তো মাশরাফি বিন মর্তুজার বোলিংয়েরও ভূমিকা কম নয়। মাত্র ২২ বলে ৩৯ রানের ঝড় তোলা মিসবাহ-উল হককে এলবির ফাঁদে ফেলে ফেরানো 'নড়াইল এক্সপ্রেস' অল্পতেই ফিরিয়েছেন ফাওয়াদ আলমকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৫ঘ.