২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগ রাখার অভিযোগে আটক মোহাম্মদ আসিফ

মোহাম্মদ আসিফ তাহলে সত্যি সত্যিই ড্রাগ-আসক্ত! প্রশ্নটা কারো মনে উঁকি দিতেই পারে এখন। ২০০৬-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ডোপিংয়ের দায়ে তাকে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তখন আপিল করে শাস্তি থেকে মুক্তি পেলেও এখন ড্রাগের জন্যই পাকিস্তানের এই ফাস্ট বোলার গভীর সঙ্কটের আবর্তে। অবৈধ ড্রাগ রাখার অভিযোগে তাকে আটক করেছে দুবাই বিমান বন্দর কর্তৃপক্ষ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

করাচি, ৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মোহাম্মদ আসিফ তাহলে সত্যি সত্যিই ড্রাগ-আসক্ত! প্রশ্নটা কারো মনে উঁকি দিতেই পারে এখন। ২০০৬-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ডোপিংয়ের দায়ে তাকে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তখন আপিল করে শাস্তি থেকে মুক্তি পেলেও এখন ড্রাগের জন্যই পাকিস্তানের এই ফাস্ট বোলার গভীর সঙ্কটের আবর্তে। অবৈধ ড্রাগ রাখার অভিযোগে তাকে আটক করেছে দুবাই বিমান বন্দর কর্তৃপক্ষ! আইপিএল-এ দিল্লী ডেয়ারডেভিলসের খেলোয়াড় আসিফ ভারত থেকে দুবাই হয়ে দেশে ফিরছিলেন। কিন্তু দেশে যাওয়া হয়নি তার। ড্রাগ রাখার অভিযোগে দুবাই বিমান বন্দরেই আটকে দেয়া হয় তাকে। ঘটনাটার সত্যতা স্বীকার করে পিসিবি'র কর্মকর্তা নাদীম আকরাম জানিয়েছেন, "হ্যাঁ, ৩৬ ঘন্টা ধরে সে (আসিফ) দুবাই বিমান বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে আটক রয়েছে। আমরা পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছি আর ব্যাপারটা দেখছি।" আসিফকে অবশ্য গ্রেফতার নয়, আটক করা হয়েছে বলেই দাবী করেছেন নাদীম আকরাম, "তার কাছে পাওয়া বস্তুটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাকে আটক করা হয়েছে, গ্রেফতার নয়। আইনি সহায়তার জন্য কয়েক জন আইনজীবিকেও নিযুক্ত করেছি আমরা।" পিসিবি'র একাধিক সূত্র জানিয়েছে রোববার আসিফের আটক হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপারটা খতিয়ে দেখতে একটি দলকে দুবাই পাঠিয়ে দেয় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন কর্মকর্তা জানিয়েছেন, "পাকিস্তান ক্রিকেটের জন্য এটা অবশ্যই বিরাট অস্বস্তিকর ঘটনা। তবে সবার আগে আমাদের দেখতে হবে আসলে কি ঘটেছে।" যা-ই ঘটুক না কেন, সোমবার ঢাকায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে থাকা আসিফ এবং পাকিস্তান ক্রিকেটের জন্য এটা লজ্জাজনক ঘটনা। ২০০৬-এর অক্টোবরে পিসিবি'র নিজস্ব উদ্যোগে করা ড্রাগ টেস্টে নিষিদ্ধ স্টেরয়েড ন্যানড্রোলন পাওয়ায় আসিফের ক্যারিয়ারই পড়ে গিয়েছিল হুমকির মুখে। সে সময় নিজেকে নির্দোষ প্রমাণ করলেও এবারের অভিযোগ থেকে তিনি মুক্তি পান কি না তা দেখার জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে। একটা বিষয় অবশ্য স্বস্তিতে রাখতে পারে পাকিস্তান ক্রিকেটাঙ্গনকে । সংযুক্ত আরব আমিরাত সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে পিসিবি কর্মকর্তাদের অনেক দিনের সুসম্পর্ক। যদিও দুবাইয়ের আইন অনুযায়ী ড্রাগ সঙ্গে রাখা ও নেয়ার জন্য কঠিন শাস্তি পেতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/১৭২৪ ঘ.